মিকেল ওইয়ারসাবালের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় স্পেন। ছবি: রয়টার্স
শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে এসেছে স্পেন। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে নকআউট পর্বেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে লা রোজারা।
অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন।
একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬তম মিনিট পর্যন্ত।
মার্ক কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।
এর আগে কর্নার থেকে কুকুরেয়ার করা একটি গোল গোলরক্ষকের ওপর ফাউলের কারণে বাতিল হয়।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্পেন।
৬৬তম মিনিটে আলেক্স বায়েনার ক্রসে দারুণ হেডে ব্যবধান ২–০ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো।
এরপর ম্যাচের ৮৯তম মিনিটে আবারও কুকুরেয়ার পাস থেকে সহজ ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওইয়ারসাবাল। চলতি আসরে এটি তার চতুর্থ গোল।
অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের কয়েকটি দুর্দান্ত সেভ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।
শেষ পর্যন্ত ৩–০ গোলের দাপুটে জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে স্পেন।
পাশাপাশি শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের অবস্থানও আরও দৃঢ় করে।