× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছরের অপেক্ষার অবসান মেক্সিকোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ষোলোতে উঠেছে মেক্সিকো। ছবি: এনপিআর

শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ষোলোতে উঠেছে মেক্সিকো। ছবি: এনপিআর

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মেক্সিকো। গতকাল বুধবার শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে শেষ ষোলোতে উঠেছে তারা।

সবশেষ নিজেদের মাটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপে নকআউট ম্যাচ জিতেছিল মেক্সিকো। এরপর ১৯৯৪ থেকে টানা সাতটি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা। অবশেষে সেই হতাশার অবসান ঘটল।

বাংলাদেশ সময় বুধবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়। মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্বাগতিকরা। 

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে ফেলে মেক্সিকো। ২২তম মিনিটে রোবের্তো আলভারাদোর দারুণ থ্রু পাস থেকে বল নিয়ে দারুণ গতিতে এগিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল জালে পাঠান হুলিয়ান কিনিয়োনেস। এরপর খেলার ৩১ মিনিটে ইকুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রাউল হিমেনেস কিনোনেসের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে ২-০ ব্যবধান গড়ে দেন।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে বলের দখল বেশি ছিল  ইকুয়েডরের কাছে। তবে মেক্সিকোর সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ৬৭তম মিনিটে সেসার মন্তেসের হেড দুর্দান্ত সেভ করে দলকে আরও বিপদ থেকে রক্ষা করেন ইকুয়েডরের গোলরক্ষক এর্নান গালিন্দেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। সেই লড়াইটিও হবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে। ঘরের মাঠের সমর্থন নিয়ে আরও একটি ইতিহাস গড়ার অপেক্ষায় এখন মেক্সিকো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা