এবারের বিশ্বকাপে তিন ম্যাচে ছয় গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
বয়স হয়েছে লিওনেল মেসির। তার বয়সের বেশিরভাগ খেলোয়াড়ই অবসরের খাতায় নাম লিখিয়েছেন। অথচ মেসি তার বয়সের অর্ধেক বয়সী খেলোয়াড়দের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে টেক্কা দিচ্ছেন।
কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, ভিনিসিয়াস জুনিয়রদের টপকে এখনও চলতি বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক তিনি। ৬ গোল করেছেন। এমবাপ্পে, হালান্ড ও ভিনিসিয়াস ৪টি করে গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন ২ গোল। ফলে ফিফা র্যাঙ্কিংয়ে মেসি, এমবাপ্পেদের থেকে অনেক পিছনে পর্তুগাল তারকা।
চলতি বিশ্বকাপে ম্যাচ চলাকালীন পাওয়ার র্যাঙ্কিং শুরু করেছে ফিফা। সেখানে প্রতিটি ম্যাচ খেলতে নামা ফুটবলারদের নম্বর দেওয়া হচ্ছে। তার ভিত্তিতে হচ্ছে ক্রমতালিকা। তিনটি বিভাগে মূলত নম্বর পাচ্ছেন ফুটবলাররা। আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ। গোলরক্ষকদেরও নম্বর দেওয়া হচ্ছে। গোল বাঁচানোর নিরিখে নম্বর পাচ্ছেন তারা।
তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। আক্রমণের জন্য ৮.৪৯, সৃজনশীলতার জন্য ৬.৫৫ ও রক্ষণের জন্য ৫.১৭ পয়েন্ট পেয়েছেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে ৩০ পয়েন্টের মধ্যে ২০.২১ পয়েন্ট পেয়েছেন তিনি। এমবাপ্পে আক্রমণে ৮.২৬, সৃজনশীলতায় ৭.৩৭ ও রক্ষণে ৪.৬২, অর্থাৎ মোট ২০.২৫ পয়েন্ট পেয়েছেন। যেহেতু দুজনেই স্ট্রাইকারের ভূমিকায় খেলেন, তাই ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে আক্রমণের নম্বরকে শুধু দেখা হয়েছে। সে কারণে এমবাপ্পের ওপরে রয়েছেন মেসি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির ডেনিজ। গ্রুপ পর্বের শেষে তিনি শীর্ষে ছিলেন। কিন্তু রাউন্ড অফ ৩২-এর ম্যাচের পারফরম্যান্সের পর তিন নম্বরে নেমেছেন তিনি। প্যারাগুয়ের কাছে টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে তার দল। এই তালিকায় প্রথম দশে থাকা বাকিরা যথাক্রমেÑ সুইজারল্যান্ডের জোহান মানজাম্বি, ফ্রান্সের উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, নরওয়ের আর্লিং হালান্ড, নিউজিল্যান্ডের ইলিজা জাস্ট, নেদারল্যান্ডসের ক্রিসেন্সিয়ো সামারভিল ও সুইজারল্যান্ডের রুবেন ভারগাস।
রোনালদো রয়েছেন ৭৪ নম্বরে। তিনি আক্রমণে ৫.৮২, সৃজনশীলতায় ৫.০৬ ও রক্ষণে ৪.৭৭ পয়েন্ট পেয়েছেন। তার মোট পয়েন্ট ১৫.৬৫। একটি ম্যাচে রোনালদো জোড়া গোল করলেও বাকি দুই ম্যাচে তেমনভাবে চোখে পড়েনি তার খেলা। যেহেতু পুরো ম্যাচের সার্বিক পারফরম্যান্সের ওপর নির্ভর করে এই নম্বর দেওয়া হয়, তাই পিছিয়ে তিনি।
প্রতি ম্যাচের পর বদলায় এই র্যাঙ্কিং। সে কারণে রোনালদোর কাছে এখনও সুযোগ রয়েছে ওপরে ওঠার। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ভালো খেলতে পারলেই ক্রমতালিকায় ওপরে ওঠবেন সিআর৭।