× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নের মুখে ফিফা সভাপতির পরিবেশ প্রতিশ্রুতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: বিসিবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: বিসিবি

মাত্র দুই সপ্তাহে ২৪টি বিশ্বকাপ ম্যাচ দেখতে ২৭ বার ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এতে তার সফর থেকে আনুমানিক ৫১৬ টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য কার্বন নির্গত হয়েছে, যা গড় হিসেবে ৭৮ জন মানুষের ১ বছরের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের সমান।

অথচ ফিফাই ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনা এবং ২০৪০ সালের মধ্যে নেট-জিরো অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে সংস্থাটির পরিবেশগত অঙ্গীকার ও সভাপতির বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিবিসি ভেরিফাই ও বিবিসি স্পোর্টের যৌথ অনুসন্ধানে দেখা গেছে, উত্তর আমেরিকাজুড়ে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইনফান্তিনোকে বহনকারী বলে ধারণা করা একটি গালফস্ট্রিম জি৬৫০ইআর ব্যক্তিগত জেট ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমানটির গন্তব্য এবং বিভিন্ন শহরের স্টেডিয়ামে একই দিনে ইনফান্তিনোর উপস্থিতির প্রকাশিত ছবি মিলিয়ে এই তথ্য যাচাই করেছে বিবিসি।

বিশ্বকাপটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হওয়ায় ইনফান্তিনোকে প্রায় প্রতিদিনই এক শহর থেকে আরেক শহরে ছুটতে হয়েছে। প্রথম দুই সপ্তাহে তার দীর্ঘতম যাত্রা ছিল ১৩ জুন। ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়া-তুরস্ক ম্যাচ দেখার পর তিনি প্রায় ৪ হাজার ৫০৭ কিলোমিটার উড়ে মিয়ামিতে যান।

আবার ১৫ জুন এক দিনেই তিনি মিয়ামি থেকে সিয়াটল এবং পরে লস অ্যাঞ্জেলেসে গিয়ে দুটি ম্যাচ দেখেন। ওই দিন তার মোট আকাশযাত্রা ছিল প্রায় ৫ হাজার ৫৪৫ কিলোমিটার। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর থেকে ২৭ জুন পর্যন্ত ব্যক্তিগত জেটটি অন্তত ৫০ হাজার ১২২ কিলোমিটার উড়েছে এবং ৬৬ ঘণ্টার বেশি সময় আকাশে ছিল।

বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত জেট পরিবহনের সবচেয়ে দূষণকারী মাধ্যমগুলোর একটি। ইনফান্তিনো যে গালফস্ট্রিম জি৬৫০ইআর ব্যবহার করেছেন বলে ধারণা করা হচ্ছে, সেটি প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১ হাজার ৮১৭ লিটার জ্বালানি পোড়ায়। সেই হিসাবে গ্রুপ পর্বে তার ভ্রমণ থেকে আনুমানিক ৫১৬ টন কার্বন নির্গত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, বিশ্বে একজন মানুষের গড় বার্ষিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ৬ দশমিক ৫৬ টন কার্বন। সে হিসাবে ইনফান্তিনোর মাত্র দুই সপ্তাহের সফরের কার্বন নিঃসরণ ৭৮ জন মানুষের এক বছরের নির্গমনের সমান। তবে টুর্নামেন্ট শুরুর আগেই জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, তিন দেশ ও ১৬টি শহরে বিস্তৃত এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী আসরে পরিণত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা