× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার সামনে আত্মবিশ্বাসী কেপ ভার্দের কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কেপ ভার্দের কোচ বুবিস্তা। ছবি: কাপ অনলাইন

কেপ ভার্দের কোচ বুবিস্তা। ছবি: কাপ অনলাইন

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের পাশাপাশি এশিয়ার জায়ান্ট সৌদি আরবকে রুখে দিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন রূপকথা লিখেছে কেপ ভার্দে।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র। ইতিহাস-ভূগোলের সব হিসাব ওলটপালট করে আফ্রিকার ছোট্ট এই দ্বীপদেশ জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ ৩২-এ। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জÑ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে কেপ ভার্দের জন্য এটি যেন স্বপ্নেরও অতীত এক উপলক্ষ। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, ভয় নয়Ñ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান কেপ ভার্দের কোচ বুবিস্তা।

সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে হাজির হন বুবিস্তা। তার কণ্ঠে ছিল গর্ব, আবেগ এবং দৃঢ় বিশ্বাস। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।”

বুবিস্তার মতে, তার দল ইতোমধ্যেই অসাধারণ কিছু অর্জন করেছে। তিনি বলেন, “এই দল যা করেছে, তাতে আমরা এবং কেপ ভার্দের মানুষ গর্ব করতে পারে। আর আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য বড় সম্মানের।”

পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী এই দ্বীপদেশের জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি। বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার বিচারে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। অথচ ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দলটি এবারের বিশ্বকাপে এখনও অপরাজিত। শুরুতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ে, পরে উরুগুয়ের সঙ্গে ২-২ সমতা এবং সর্বশেষ সৌদি আরবকে আটকে দিয়ে নিশ্চিত করে নকআউট।

এবার সামনে ফুটবল বিশ্বের অন্যতম বড় নাম লিওনেল মেসি। কিন্তু বুবিস্তার কাছে শুধু ম্যাচের ফল নয়, আরও বড় বিষয় হলো দেশের পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরা। তার ভাষায়, ‘আমাদের অন্যতম লক্ষ্য ছিল পুরো বিশ্বের সামনে নিজেদের দেশকে তুলে ধরা। আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলাটা আমাদের জন্য গর্বের।’

বুবিস্তা মনে করেন, কেপ ভার্দের এই যাত্রা বিশ্বের সব ‘ছোট’ দেশের জন্য অনুপ্রেরণা। তার বিশ্বাস, একাগ্রতা ও দৃঢ়তা থাকলে অসম্ভবও সম্ভব। এখন দেখার অপেক্ষাÑ রূপকথার এই যাত্রা কি মায়ামিতে নতুন অধ্যায় লিখতে পারে?

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা