রাফিনিয়া। ছবি: ওয়ার্ল্ড স্কোরার টক
রাফিনিয়াকে ঘিরে দুশ্চিন্তার খবরই জানাল ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা
অনুভব করে মাঠ ছাড়েন ব্রাজিলের এই তারকা উইঙ্গার। তার মাঠ ছাড়ার মুহূর্তটি ব্রাজিল
সমর্থকদের মনে উদ্বেগ তৈরি করেছিল। এবার পরীক্ষার ফল সেই শঙ্কাকেই অনেকটা সত্যি প্রমাণ
করল।
ব্রাজিলের সংবাদ মাধ্যম ‘ও গ্লোবো’র বরাত দিয়ে জানা গেছে, রাফিনিয়ার
ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময়
ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না।
তবে আপাতত রাফিনিয়াকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা
নেই সিবিএফের। বরং টুর্নামেন্ট চলাকালীনই তাকে সুস্থ করে ফের মাঠে নামানোর লক্ষ্য নিয়ে
কাজ করছে ব্রাজিলের মেডিকেল দল। এক বিবৃতিতে সিবিএফ বলেন, ‘শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার
ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড়
চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবেন। লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব তাকে সুস্থ
করে মাঠের কার্যক্রমে ফিরিয়ে আনা।’
ব্রাজিলের আরেক সংবাদ মাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, শেষ ষোলোতে রাফিনিয়াকে
ফেরানোর ব্যাপারে আশাবাদী সিবিএফ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরু হতে এখনও প্রায়
দুই সপ্তাহ বাকি। সেই সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে
দলটির চিকিৎসকরা। অবশ্য তার আগে ব্রাজিলকে নিশ্চিত করতে হবে নকআউট পর্বে জায়গা করার
বিষয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা অনুকূল ফল তাদের নকআউটে
পৌঁছে দিতে পারে।
রাফিনিয়ার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।
উইং দিয়ে গতি, সৃজনশীলতা এবং সুযোগ তৈরি করার ক্ষেত্রে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ
অস্ত্র। তাই স্কটল্যান্ড ম্যাচে তার অনুপস্থিতি কোচের পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য
করবে।