প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
লিওনেল মেসি। ছবি: আল জাজিরা
এক গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নেবেন ফুটবল বিস্ময় লিওনেল মেসি।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সব আলো নিজের দিকে টেনে এনেছেন এই আর্জেন্টাইন সেনসেশন। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডের উচ্চতায় উঠে এসছেন মেসি। এমনি অবস্থায় ডালাসে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। আজ সোমবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। মেসির ইতিহাস গড়ার দিনে নকআউট পর্ব নিশ্চিত করারও হাতছানি আর্জেন্টিনার।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে বারবার উঠে আসছে মেসির প্রথম ম্যাচের টাটকা ছবি। প্রথম ম্যাচে শুধু হ্যাটট্রিকই করেননি, পুরো আর্জেন্টিনা দলের হৃৎপিণ্ডের কাজ করেছেন। মাঝমাঠে নেমে আক্রমণ তৈরি করা, ডান দিক থেকে ভেতরে ঢুকে প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ানো এবং দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করা; যেন মেসি একাই একশ! বিশ্বকাপ শুরুর আগে অনেকে প্রশ্ন তুলেছিলেন, ৩৯ বছর বয়সী মেসি কি এখনও বিশ্বমঞ্চে পার্থক্য গড়ে দিতে পারবেন? নিন্দুকদের জবাব প্রথম ম্যাচেই দিয়েছেন ২০২২ আসরের এই চ্যাম্পিয়ন।
বিশ্লেষকরা মনে করছেন, অস্ট্রিয়ার বিপক্ষে মেসিদের পরীক্ষাটা আরও কঠিন হতে পারে। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দেশটি। আর্জেন্টিনাকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে তারাও। এই ইউরোপীয় দলটির সুসংগঠিত রক্ষণ, ফিজিক্যাল ফিটনেস এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের জন্য সুখ্যাত। অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের কোচ রাফ রাংনিক। রাংনিক মানেই কৌশলের রাজা। ইয়ুর্গেন ক্লপ থেকে টমাস টুখেল, অনেক কোচের আদর্শ তিনি। রাংনিক খুব ভালোভাবেই জানেন, আর্জেন্টিনাকে থামাতে হলে আটকাতে হবে মেসিকে।
আর এটাই আর্জেন্টাইন
শিবিরে বড় প্লাস পয়েন্ট। খেলার গতি অনুধাবন করার ক্ষমতা, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া
এবং সঠিক মুহূর্তে সঠিক পাস দেওয়ার দক্ষতায় তিনি এখনও অদ্বিতীয়। একজন খেলোয়াড় তাকে
নজরে রাখলে তিনি পাস দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করেন, আর একটু জায়গা পেলে নিজেই গোল করে
বসেন। পাশাপাশি প্রতিপক্ষের অতিরিক্ত মেসি-ভাবনা আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের জন্যও
প্রচুর ফাঁকা জায়গা বের করে দিতে পারে।
এই ম্যাচে আরও একটি
বিষয় নজরে থাকবে, মেসির আবেগ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর কাঁদতে দেখা গিয়েছিল
তাকে। পরে তিনি জানান, সেটি ফুটবল নয়, ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতির কারণে। বাবা
হোর্হে মেসির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই বিশ্বকাপ খেলছেন মেসি। ফলে প্রতিটি গোল,
প্রতিটি উদযাপন এখন মেসির কাছে হয়তো শুধু ফুটবলের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে
ব্যক্তিগত অনুভূতিও।
সাবেক জার্মান গোল
মেশিন ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের পাশাপাশি সর্বোচ্চ ১৬ ম্যাচ জয়ের কীর্তি
গড়ার হাতছানি মেসির সামনে।
জর্ডানকে হারানোর
পর মেসির প্রশংসায় উচ্ছ্বসিত অস্ট্রিয়া অধিনায়ক ডাভিড আলাবা বলেছিলেন, ‘হ্যাটট্রিক
দিয়ে এমন একটি টুর্নামেন্ট মেসির শুরু করাটা অবিশ্বাস্য। তবে আশা করছি আমাদের বিপক্ষে
ম্যাচে, তিনি যেন এমন কিছু করতে না পারেন।’
অস্ট্রিয়ার বিপক্ষে
লড়াই যে সহজ হবে না, সেটা মানছেন আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার। তার ভাষায়,
‘অস্ট্রিয়া খুবই কঠিন একটা দল; যেমনটা আমরা এই বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের ক্ষেত্রেই
দেখছি।’
‘জে’ গ্রুপে এক
জয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া দুদলেরই সংগ্রহ ৩ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে শীর্ষস্থানে
মেসির দল। ড্র হলেও গ্রুপসেরাই থাকবে আর্জেন্টিনা। হারলেই কেবল শীর্ষচ্যুত হবে তিনবারের
বিশ্ব বিজয়ীরা। এই গ্রুপের বাকি দুদল আলজেরিয়া ও জর্ডান প্রথম ম্যাচ থেকে কোনো পয়েন্ট
সংগ্রহ করতে পারেনি।
আর্জেন্টিনা (ফিফা র্যাঙ্কিং-১)
ফর্মেশন - (৪-৪-১-১)
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো
মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল
মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস
মিডফিল্ডার: রদ্রিগো
দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস গঞ্জালেস
অ্যাটাকিং মিডফিল্ডার:
লিওনেল মেসি
স্ট্রাইকার: হুলিয়ান
আলভারেজ/লাউতারো মার্তিনেজ
অস্ট্রিয়া (ফিফা র্যাঙ্কিং-২৪)
ফর্মেশন - (৪-২-৩-১)
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এ. শ্লাগার
ডিফেন্ডার: পশ,
লিনহার্ট, ডেভিড আলাবা, ওয়েনে
ডিফেন্সিভ মিডফিল্ডার:
জেইওয়াল্ড, এক্স. শ্লাগার
অ্যাটাকিং মিডফিল্ডার: শ্মিড, লাইমার, মার্সেল সাবিৎজার
স্ট্রাইকার: কালজডজিক