প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ১৪ মিনিট আগে
হাইতির সামনে শক্ত প্রতিপক্ষ ব্রাজিল। ছবি: বিবিসি
চলতি বিশ্বকাপ মিশনে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করে ব্যাকফুটে হলুদ জার্সিধারীরা।
এর সঙ্গে যোগ হয়েছে দলের প্রধান তারকা নেইমারের ইনজুরি। এই গোলমেশিন কবে মাঠে ফিরবেন তা নিয়েও আছে সংশয়।এমনি অবস্থায় বিশ্ব ফুটবলে অপেক্ষাকৃত অচেনা হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ‘সি’ গ্রুপের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬.৩০ মিনিটে।
এই ম্যাচে জেগে উঠতে
না পারলে নক আউট পর্বে এক জটিল আবর্তে পড়ে যেতে পারে সর্বাধিক বিশ্বকাপ জেতা দলটি।
এদিকে প্রথম ম্যাচে হারলেও প্রতিষ্ঠিত দল স্কটল্যান্ডের সঙ্গে সমানতালে লড়াই করেছিল
হাইতি। হেরেছিল ১-০ ব্যবধানে। তাই দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে
পয়েন্ট পাওয়ার কোনো বিকল্প নেই হাইতির।
ধারে-ভারে, ঐতিহ্যে-অর্জনে
ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না হাইতির। ফিফা র্যাঙ্কিং ব্রাজিলের অবস্থান ছয়ে,
বিপরীতে হাইতি আছে ৮৩ নম্বরে। মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে কোনো অর্জনই নেই হাইতির।
এর আগে দু দলের মোট ৩ বারের দেখায় সবগুলোতেই জিতেছে ব্রাজিল। এই ম্যাচগুলোতে ব্রাজিল
মোট ১৭টি গোল করেছে এবং হাইতি তাদের বিপক্ষে মাত্র ১টি গোল করতে পেরেছে।
এসব অতীতকে গুরুত্ব দিচ্ছে না ব্রাজিলিয়ান শিবির। প্রতিপক্ষকে যথেষ্টই সমীহ করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলটির ডিফেন্ডার দানিলোর কথায়, এবারের বিশ্বকাপ ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে যে ছোট দল বলে কাউকে অবহেলা করার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে এই ডিফেন্ডার কেপ ভার্দের উদাহরণ টেনে বলেন, “স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কীভাবে রক্ষণ সামলেছে, সেটা সবাই দেখেছে। তাই হাইতিকে বড় ব্যবধানে হারানোর কথা বলা পাগলামি হবে।”
হাইতির বিপক্ষে জয়ের
জন্য ব্রাজিলের একাদশ ও কৌশলে পরিবর্তন আনতে পারেন দলটির কোচ কার্লো আনচেলত্তি, পাওয়া
যাচ্ছে এমন আভাস।
এদিকে চোট কাটিয়ে নেইমারের অনুশীলনে ফেরাও ব্রাজিলের জন্য সুসংবাদ। কাফ ইনজুরির সঙ্গে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড প্রথমবারের মতো বিশ্বকাপে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন। যদিও হাইতির বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক মিডিয়ার খবর থেকে জানা যাচ্ছে, হাইতির বিপক্ষে ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। পুরোপুরি ম্যাচ ফিট হতে তার আরও সময় প্রয়োজন।
এবারের বিশ্বকাপ
ক্যাম্পে যোগ দেওয়ার পর গত বুধবার প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন নেইমার।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলাম্বিয়া পার্কে অনুষ্ঠিত অনুশীলনে খুবই প্রাণবন্ত
ছিলেন নেইমার। অনুশীলন মাঠে উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের দিকে এগিয়ে গিয়ে মজার
ছলে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মহাতারকা বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?” তার এই
মন্তব্যে উপস্থিতদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। কয়েকজন সাংবাদিক তখন বলে ওঠেন, “অবশেষে
অপেক্ষার অবসান!”
নেইমার অনুশীলনে
ফেরায় ভীষণভাবে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান শিবির। দানিলোর কথায়, শুধু মাঠে নেইমারের উপস্থিতিই
প্রতিপক্ষের পরিকল্পনা বদলে দিতে পারে। কারণ তাকে সামলাতে গিয়ে প্রতিপক্ষকে সব সময়
বাড়তি সতর্ক থাকতে হয়।
অন্যদিকে ব্রাজিলকে
আটকাতে যে রক্ষণাত্মক কৌশল সাজাবেন হাইতির ফরাসি কোচ সেবাস্তিয়েন মিগনে, তা বলাই বাহুল্য।
নিজেদের রক্ষণ সামলে প্রতি আক্রমণে হানা দেওয়ার ছকেই মিলতে পারে হাইতির কাঙ্ক্ষিত সাফল্য।
সম্ভাব্য ফরমেশন
: ৪-২-৪
গোলরক্ষক : এলিসন
বেকার
রক্ষণভাগ : দানিলো,
মারকিনিয়োস, লিও পেরেইরা ও ডগলাস সান্তোস
মধ্যমাঠ : ফ্যাবিনিও
ও ব্রুনো গুইমারেস
আক্রমণভাগ : গ্যাব্রিয়েল
মার্তিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো এবেং লুইস হেনরিককে।
সম্ভাব্য ফরমেশন
: ৪-৪-২
গোলরক্ষক : জনি প্লাসিড
রক্ষণভাগ : কার্লেন্স
আরকুস, রিকার্দো আদে, জঁ-কেভিন দুভের্ন ও হান্নেস দেলক্রোয়া
মধ্যমাঠ : জঁ-রিনার
বেলগার্ড, ড্যানলি জঁ জাক, লেভার্টন পিয়েরে ও কার্ল সেন্টে
আক্রমণভাগ : ডুকেন্স
নাজন, উইলসন ইসিদোর