পর্তুগালের বিপক্ষে হেড থেকে গোল করে কঙ্গোর গোল উদ্যাপন। ছবি: ইএসপিএন
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করেছে আফ্রিকার এই দেশটি।
এর মধ্য দিয়ে মূল্যবান ১ পয়েন্টও সংগ্রহ করেছে তারা। সেই সঙ্গে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরাটাকে স্মরণীয় করে রাখল কঙ্গো। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল ও পয়েন্ট পেয়েছে দলটি।
গতকাল বুধবার ‘কে’ গ্রুপের এই ম্যাচে কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ
মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোল করেন জোয়াও নেভেস। এ সময় সতীর্থ নেতোর পাস থেকে গোলটি
করেন নেভেস। তবে এই লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধে যোগ করা সময়ের
৫ মিনিটে ম্যাচে সমতায় ফেরে কঙ্গো। এ সময় ডান প্রান্ত থেকে শূন্যে ভাসা ক্রসে হেডে
গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু। এই গোলের সঙ্গে সঙ্গেই শেষ হয় প্রথমার্ধের
খেলা।
দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়েও কাজের কাজটি করতে
পারেনি পর্তুগিজ শিবির। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। মাঠে তার উপস্থিতি
সেভাবে চোখেই পড়েনি। তবে খেলতে নেমেই দুদুটো রেকর্ড গড়েন রোনালদো। ৪১ বছর ১৩২ দিন
বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নামেন সিআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের
হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার এখন রোনালদো। এর আগের রেকর্ডটি ছিল কানাডার
আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে
নামেন সাবেক এ মিডফিল্ডার। এ ছাড়া টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক
লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান এই পর্তুগিজ সেনসেশন।