প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ৭ ঘণ্টা আগে
আলজেরিয়ার বিপক্ষে মেসির করা ফাউল। ছবি: গোল ডট কম
২০২৬ ফিফা বিশ্বকাপে মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির চোখধাঁধানো পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। তবে ম্যাচের প্রথমার্ধের একটি বিতর্কিত ঘটনা সেই উজ্জ্বল পারফরম্যান্সকে কিছুটা আড়াল করে দিয়েছে।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক মেসির অনবদ্য
নৈপুণ্যে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নিজের বিশ্বকাপ
অভিযান শুরু করেন দুর্দান্ত এক হ্যাটট্রিকের মাধ্যমে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে
ছিল শুধু তার রেকর্ড-স্পর্শী তিন গোল নয়, বরং একটি বিতর্কিত মুহূর্তও।
ম্যাচ চলাকালে বলের দখল নেওয়ার লড়াইয়ে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, পেছন দিক থেকে এগিয়ে এসে তিনি মান্দির পায়ের পেছনের অংশÑ বিশেষ করে কাফ ও অ্যাকিলিস টেনডনের কাছাকাছি জায়গায় পা রেখে ফেলেন।
ঘটনার পর মান্দিকে মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায়, যা নিয়ে তাৎক্ষণিকভাবে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়। তবে ম্যাচের দায়িত্বে থাকা পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক খেলায় কোনো বাধা দেননি এবং মেসিকে কোনো কার্ডও দেখাননি। একইভাবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কর্মকর্তারাও ঘটনাটি পুনর্বিবেচনার প্রয়োজন মনে করেননি।
এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে তুমুল বিতর্ক শুরু
হয়। অনেক সমর্থক ও বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, ওই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত
ছিল কি না। অন্যদিকে মেসির সমর্থকদের একটি অংশের দাবি, এটি ছিল খেলার স্বাভাবিক গতিতে
ঘটে যাওয়া একটি অনিচ্ছাকৃত সংঘর্ষ।
তবে বিতর্ক যাই থাকুক না কেন, মাঠের পারফরম্যান্সে মেসিই ছিলেন সবচেয়ে
উজ্জ্বল। তার হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনা বিশ্বকাপের মিশন শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস
ও জয়ের বার্তা দিয়ে।