প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল দল। ছবি: সিএনএন
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ৯২ বছর ধরে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড ধরে রাখলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা ২১টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারেনি সেলেসাওরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় দীর্ঘদিনের এই রেকর্ড অক্ষুণ্ণ থাকলো।
৯২ বছর ও টানা ২১ আসরের রেকর্ড
১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারার পর থেকে গত ৯২ বছর ধরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো পরাজয় নেই ব্রাজিলের। এই ২১ আসরের প্রথম ম্যাচগুলোতে ১৭টিতে জিতেছে এবং ৪টিতে ড্র করেছে তারা। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে এত দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ড আর কোনো দলের নেই। এই তালিকায় টানা ৯টি জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস।
উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যান
বিশ্বকাপের ২৩টি আসরে অংশ নিয়ে মাত্র ৬ বার নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রটি ছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের চতুর্থ ড্র। এর আগে ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১৮ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছিল তারা। তবে পরিসংখ্যান বলছে, উদ্বোধনী ম্যাচ ড্র করা আগের তিন আসরের কোনোটিতেই ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি সেলেসাওরা।
আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুসের দাপট
কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। আনচেলত্তির কোচিংয়ে মাত্র ১১ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন তিনি। অন্যদিকে, অন্য কোচদের অধীনে ৩৯ ম্যাচ খেলে তিনি গোল করেছিলেন মাত্র ৬টি। অর্থাৎ, আনচেলত্তির অধীনেই ভিনিসিয়ুস তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন।
রক্ষণভাগের দৃঢ়তা
গত ৮৮ বছর ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই বা ততোধিক গোল হজম করেনি ব্রাজিল। সর্বশেষ ১৯৩৮ সালে পোল্যান্ডের বিপক্ষে ৫ গোল হজম করেছিল তারা, যদিও সেই ম্যাচে ৬-৫ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। এরপর থেকে রক্ষণের এই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা।
শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই
১৯৯৪ সাল থেকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলের বিপক্ষে ব্রাজিলের পরিসংখ্যান কিছুটা মলিন। গত ৯টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জিতেছে, চারটিতে ড্র করেছে এবং চারটিতে হার মেনেছে।
মরক্কোর জয়খরা
অন্যদিকে, বিশ্বকাপে সাতবার অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পায়নি মরক্কো। সাত ম্যাচের মধ্যে চারটিতে ড্র এবং তিনটিতে হেরেছে তারা।
ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে আগামী ১৯ জুন হাইতির মুখোমুখি হবে।