× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ‘বুড়োদের ব্রিগেড’

মাছুম বিল্লাহ

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

বিশ্বকাপে ‘বুড়োদের ব্রিগেড’

বিশ্বকাপ ফুটবলের দামামা বেজে উঠলেই সর্বত্র শুরু হয় তারুণ্যের জয়গান। এ সময় নতুন তারকার জন্ম হয়। উত্তর আমেরিকা বিশ্বকাপ সামনে রেখেও ফুটবলদুনিয়ায় এখন বইছে তারুণ্যের হাওয়া। স্পেনের লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, নরওয়ের আর্লিং হালান্ড কিংবা ফ্রান্সের কিলিয়ান এমবাপে সবুজ গালিচায় এখন এদেরই রাজত্ব। কিন্তু এই তরুণ ঝড়ের মাঝেই বিশ্বমঞ্চে আলো কেড়ে নিতে প্রস্তুত একঝাঁক অভিজ্ঞ বুড়ো যোদ্ধা। যাদের বয়সের কাঁটা ৩৫, ৩৯ কিংবা ৪১ পেরিয়ে গেলেও যাদের নাম শুনলে এখনও প্রতিপক্ষের হৃদস্পন্দন বেড়ে যায়। যারা বুড়ো হলেও এখনও জাতীয় দল, লিগ দাপিয়ে বেড়াচ্ছেন। বয়স যাদের কাছে কেবলই একটা সংখ্যা মাত্র।


লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, মোহাম্মদ সালাহ, লুকা মদরিচ, ম্যানুয়েল নয়্যাররাও একসময় তরুণ ছিলেন। এখন একেকজন মহাতারকা বনে গেছেন। অভিজ্ঞতার ফাঁদে ফেলে বাজিমাত করতে পারেন, দেখাতে পারেন বুড়ো হাড়ের ভেল্কি। বুড়োর কাতারে নাম লেখালেও তারা এখনও দলের অটো চয়েস। লিওনেল স্ক্যালনি মেসি সম্পর্কে বলেছেন, দলের এখনও অটো চয়েস মেসি। তাই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। উত্তর আমেরিকায় ত্রিদেশীয় বিশ্বকাপেও বাজির ঘোড়া হয়ে যেতে পারেন অভিজ্ঞরা। তরুণ ঝড়ের মাঝেও কোটি কোটি সমর্থকের চোখ থাকবে কিংবদন্তিদের দিকে, যাদের হাত ধরে গত দেড় দশকের বেশি সময় ফুটবল মাঠ শাসিত হয়েছে। অনেকের কাছেই ২০২৬ বিশ্বকাপ হতে পারে এই প্রজন্মের কিংবদন্তিদের শেষ বিশ্বমঞ্চ।

লিওনেল মেসির শেষ অধ্যায়

সবচেয়ে বড় আকর্ষণের নাম নিঃসন্দেহে লিওনেল মেসি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ফুটবলের প্রায় সব অপূর্ণতা পূরণ করেছেন তিনি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকরের বয়স এখন ৩৯ ছুঁইছুঁই। কিন্তু কোচ লিওনেল স্ক্যালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল গঠনে মেসি এখনও অটো চয়েস। ২০২৬ বিশ্বকাপ খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতাদের শীর্ষে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ২৬ ম্যাচ খেলে সর্বাধিক ১৩ গোলও তার ঝুলিতে। আন্তর্জাতিভাবে মেসির গোল ১১৬টি। ২০০৬ অভিষেক বিশ্বকাপে ৩ ম্যাচে গোল করেছেন ১টি। ২০১০-এ পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি। ২০১৪-তে ৭ ম্যাচে গোল সংখ্যা ৪, ২০১৮-তে ৪ ম্যাচে ১টি গোল ও ২০২২ কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতান। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল্ডেন বল যায় তার ঝুলিতে। মেসি এবার নামছেন তরুণ আলবিসেলেস্তেদের অনুপ্রেরণা হয়ে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে।

এক অতৃপ্ত মিশনে ক্রিস্টিয়ানো রোনালদো

বয়সকে বুড়ো আঙুল দেখানো পর্তুগালের আর্মব্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো।  তিনি মাঠ কাঁপাতে প্রস্তুত। বয়স এখন ৪১। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকারও এটি ষষ্ঠ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ ট্রফি এখনও তার হাতছোঁয়ার বাইরে, তাই উত্তর আমেরিকার এই আসর হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন মিশন। বিশ্বকাপে পর্তুগালের হয়ে ২২ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি। মেসির মতোও ২০০৬ বিশ্বকাপে অভিষেক হয় এ তারকার। ২০০৬ সালে ৬ ম্যাচে গোল করেছেন ১টি, ২০১০-এ ১টি গোল করেছেন ৪ ম্যাচ খেলে। ২০১৪-তে ৩ ম্যাচে ১ গোল, ২০১৮-তে ৪ ম্যাচে ৪ গোল ও ২০২২-এ ৫ ম্যাচে ১টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ২২৬ ম্যাচে রেকর্ড ১৪৩ এবং ক্লাব ক্যারিয়ার মিলিয়ে মোট ৯৭৩ গোলের মালিক সিআরসেভেন। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোল করা এই পর্তুগিজ ফরোয়ার্ড এবারও চাইবেন বুড়ো হাড়ের ভেল্কিতে বিশ্বকে চমকে দিতে।

ইনজুরি পেরিয়ে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ সময় চোটের সাথে যুদ্ধ করে আবারও সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছেন। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের মূল অস্ত্র ছিলেন তিনি। দেশের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ইতোধ্যে তিনি ছাড়িয়ে গেছেন মহানায়ক পেলেকে। বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করা নেইমারের জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে অধরা হেক্সা জয়ের সুযোগ।

মাঝমাঠের ক্রোয়াট জাদুকর লুকা মদরিচ

ক্রোয়েশিয়ার লুকা মদরিচের গল্পটাও কম রোমাঞ্চকর নয়। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ দলটির প্রাণভোমরা এই মিডফিল্ড জাদুকর ৪০ বছর বয়সেও দেশের হয়ে খেলছেন। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ১৯৭ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২৮টি গোল করেছেন। বিশ্বকাপের মঞ্চে ১৯ ম্যাচে ২ গোল করেছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলেন এবং জিতেছিলেন গোল্ডেন বল। ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে মেসি-রোনালদোর আধিপত্যও ভেঙেছিলেন। মাঠের গতি কিছুটা কমলেও তার পাসিং মাস্টারক্লাস ও নেতৃত্ব এখনও ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি।

জার্মানির গোলবারের অতন্দ্র প্রহরী নয়্যার

আধুনিক ফুটবলে ‘সুইপার-কিপার’ ধারণার প্রবর্তক ম্যানুয়েল নয়্যার অবসর ভেঙে আবারও ফিরেছেন জার্মানির গোলবারে। ২০১৪ বিশ্বকাপ জয়ের এই মহানায়ক ৪০ বছর বয়সেও দলের অন্যতম প্রধান নির্ভরতা। বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে ৭টি ‘ক্লিন শিট’ রাখা নয়্যার হয়তো এবারই শেষবারের মতো গ্লাভস হাতে বিশ্বমঞ্চে দাঁড়াবেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের প্রধান নায়ক ছিলেন নয়্যার।

মিসরের ফারাও মোহাম্মদ সালাহ

আধুনিক আফ্রিকান ফুটবলের অন্যতম সফল সেনানি মোহাম্মদ সালাহ ৩৩ বছর বয়সে নেতৃত্ব দিচ্ছেন মিসরকে। গতি, নিখুঁত ড্রিবলিং ও ক্লিন ফিনিশিংয়ের জন্য বিখ্যাত এই উইঙ্গার দেশের হয়ে ১১৫ ম্যাচে করেছেন ৬৭ গোল। দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতাদের একজন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিনি মাত্র ২ ম্যাচে ২ গোল করেন। রাশিয়ার বিপক্ষে সালাহর গোলটি মিসরের জন্য ছিল ঐতিহাসিক অংশগ্রহণের একটি স্মরণীয় মুহূর্ত।

এক স্বর্ণালি প্রজন্মের রাজকীয় বিদায়ের মঞ্চ

মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপে অভিজ্ঞতা ও তারুণ্যের এক অসাধারণ লড়াই দেখা যাবে। একদিকে এমবাপে, ইয়ামাল, বেলিংহ্যাম, ভিনিসিউস কিংবা হালান্ডদের মতো নতুন প্রজন্মের তারকারা বিশ্ব ফুটবলের নতুন রাজা হওয়ার স্বপ্ন দেখছেন। অন্যদিকে মেসি, রোনালদো, মদরিচ, নয়্যার ও নেইমাররা প্রমাণ করতে চাইবেন যে, কিংবদন্তিরা সহজে মঞ্চ ছাড়েন না। ফুটবলের ইতিহাসে অনেক বিশ্বকাপ এসেছে, অনেক কিংবদন্তি বিদায় নিয়েছেন। কিন্তু একই আসরে মেসি, রোনালদো, মদরিচ, সালাহ, নয়্যারের মতো মহাতারকাদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খুব কমই দেখা যায়। তাই ২০২৬ বিশ্বকাপ শুধু নতুন চ্যাম্পিয়ন খোঁজার লড়াই নয়, এটি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এক সোনালি প্রজন্মকে শেষবারের মতো অভিবাদন জানানোর রাজকীয় মঞ্চ। কিংবদন্তিরা যে সহজে মঞ্চ ছাড়েন না, তা প্রমাণ করতেই এবার মাঠে নামছে ‘বুড়োদের এই মহিমান্বিত ব্রিগেড’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা