প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
বিসিবি নির্বাচনের ফল প্রকাশর পর সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে রবিবার বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।
যদিও সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। কারণ তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহসভাপতি হয়েছেন আপাতত একজন। তিনি ফাহিম সিনহা।
এদিন সকাল ১০টায় শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ফল গণনা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে লড়েছেন ১৬ জন। সেখান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন।
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।
হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।