× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের যৌথ আনন্দ শোভাযাত্রা

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

বগুড়ায় আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের যৌথ আনন্দ শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে চলে প্রিয় দলকে নিয়ে তর্ক-বিতর্ক, খুনসুটি আর শ্রেষ্ঠত্বের লড়াই। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, পাড়া-মহল্লার আড্ডা থেকে কর্মক্ষেত্র, সর্বত্রই দেখা যায় দুই শিবিরের সমর্থকদের সরব উপস্থিতি। তবে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সম্প্রীতি, বন্ধুত্ব ও সৌহার্দ্যের এক ভিন্ন বার্তা দিলেন বগুড়ার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকেরা।

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বগুড়ায় প্রথমবারের মতো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের যৌথ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণিল এই শোভাযাত্রা বের হয়ে নবাববাড়ি সড়ক, সাতমাথাসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়।

র‍্যালির শুরুতে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন আর্জেন্টিনা সমর্থকেরা। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। 

শোভাযাত্রা ঘিরে বিকেল থেকেই আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হতে থাকেন দুই দলের সমর্থকেরা। কারও গায়ে আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সি, কারও গায়ে ব্রাজিলের হলুদ জার্সি। হাতে ছিল দুই দেশের পতাকা, বাঁশি, ব্যানার ও ফেস্টুন। মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরে ব্যান্ডপার্টির সুর আর ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র ও নানা ধরনের উৎসব মাধ্যমে শিশু-কিশোর, তরুণ, মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণরা অংশ নেন। দুই দলের সমর্থকেরা নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করলেও পুরো আয়োজনজুড়ে ছিল পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।

আর্জেন্টিনা দলের সমর্থক ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটাই খেলার সৌন্দর্য। আমরা চাই সেই প্রতিদ্বন্দ্বিতা যেন কেবল মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক, সেটিই আমাদের প্রত্যাশা।

আর্জেন্টিনার অপর সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, বগুড়ায় এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা চেয়েছি দুই দলের সমর্থকদের এক প্ল্যাটফর্মে এনে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতে। 

মাহবুব আলম জিয়ন বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে দেখাতে চেয়েছি, মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাস্তবে আমরা সবাই বন্ধু। 

ব্রাজিল সমর্থক পরিমল প্রসাদ রাজ বলেন, আমরা চাই সুস্থ ও সুন্দর পরিবেশে সবাই নিজেদের প্রিয় দলকে সমর্থন করুক। আজকের আয়োজন সেই বার্তাই দিয়েছে। অপর সমর্থক আব্দুল আওয়াল বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের নিয়ে এমন যৌথ আয়োজন বগুড়ায় আগে হয়নি। এটি শুধু একটি শোভাযাত্রা নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানের একটি প্রতীক। 

বিশ্বকাপের এখনও বেশ কিছুদিন বাকি। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রতিদ্বন্দ্বী হলেও বগুড়ার এই শোভাযাত্রায় দুই দলের সমর্থকদের একসঙ্গে অংশগ্রহণ যেন ফুটবলের আরেকটি সৌন্দর্যই তুলে ধরেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা