পাকিস্তানকে হোয়াইটওয়াশ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৬:৫৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬ ১৬:৫৬ পিএম
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ সিরিজে দারুণ সাফল্যের পর আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটার। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা।
ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চার ইনিংসে সিরিজসেরা ২৫৯ রান করা মুশফিক টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১০ ধাপ। যৌথভাবে জায়গা করে নিয়েছে ১৬তম স্থানে। ৩৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের ধারাবাহিক পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।
বাংলাদেশের আরেক ব্যাটার লিটন দাসও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। সিরিজে ২৩৯ রান করার সুবাদে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ১১তম স্থানে পৌঁছেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫তম এবং তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।
অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে তাইজুল ইসলামের। তিন ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে তাইজুল।
অন্যদিকে পাকিস্তানের জন্য কিছুটা স্বস্তির খবর এনে দিয়েছেন পেসার খুররম শাহজাদ। ২০২৫ সালের শুরু থেকে ইনজুরির কারণে বাইরে থাকার পর সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে ফেরেন তিনি। পারফরম্যান্সের সুবাদে আবারও টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ফিরে এসে ৪৯তম স্থানে জায়গা করে নিয়েছেন শাহজাদ।