মাত্রই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ফের চোটে পড়লেন। নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন? ছবি : গেটি ইমেজ
উত্থান-পতন আর নাটকীয়তায় ভরা ফুটবল ক্যারিয়ারে নেইমার নামের পাশে ‘চোট’ শব্দটা যেন এক চিরস্থায়ী সঙ্গী। আরও একটি বিশ্বকাপ যখন কড়া নাড়ছে দুয়ারে, ঠিক তখনই আবারও সেই চোটের কালো মেঘ দানা বেঁধেছে ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের আকাশে। ৩৪ বছর বয়সে এসে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, দলে থাকা না-থাকা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা যেন কোনো রোমাঞ্চকর চলচ্চিত্রের চিত্রনাট্যকেও হার মানায়।
কার্লো আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াডে
জায়গা পেয়ে ভক্তদের স্বস্তি দিলেও, নাটকীয়তা শেষ হয়নি সেখানেও। কেননা নতুন করে এই তারকার
ইনজুরির খবর দিয়েছে তার বর্তমান ক্লাব সান্তোস! ঘটনাটি গত রবিবারের। ঘরের মাঠে কুরিতিবার
বিপক্ষে সান্তোসের ম্যাচ চলাকালীন হঠাৎই ডান পায়ের কাফ মাসলে অস্বস্তি বোধ করেন নেইমার।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কোচিং স্টাফ তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু
মাঠের বাইরে বদলি খেলোয়াড়ের বোর্ড ওঠা নিয়ে তৈরি হয় চরম বিভ্রান্তি। চোটের তীব্রতা
বুঝতে না পেরে নেইমার জেদ ধরে আবারও মাঠে ঢুকে পড়েন এবং ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে
তর্কে জড়িয়ে পড়েন। তবে চেদ দেখালেও চোট যে গুরুতর, তা স্পষ্ট হয়ে যায় দ্রুতই।
বুধবার সন্ধ্যায় সান্তোসের প্রধান চিকিৎসক
রদ্রিগো জোগাইব নেইমারের চোটের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেন। স্ক্যান রিপোর্টে দেখা
গেছে নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি হালকা ফোলাভাব রয়েছে। এই প্রেক্ষিতে
সান্তোসের হয়ে গ্রেমিও এবং দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে তার খেলা
হচ্ছে না। বর্তমানে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত ফিজিও ও সিবিএফ
চিকিৎসকদের কড়া নজরদারিতে তার পুনর্বাসন চলছে।
তবে সব আশঙ্কার মাঝেও আশার আলো
দেখিয়েছেন চিকিৎসক জোগাইব। ব্রাজিলিয়ান স্পোর্টস নেটওয়ার্ক ‘জিই’ কে তিনি আশ্বস্ত
করে বলেন, ‘নেইমারের কাফে সামান্য চোট ও ফোলা থাকলেও আমাদের পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন
দারুণভাবে এগোচ্ছে। আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময় তিনি শতভাগ ফিট
থাকবেন।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ
আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য গত ১৮ মে যখন সেলেসাওদের চূড়ান্ত দল ঘোষণা করেন
কোচ কার্লো আনচেলত্তি, তার ঠিক কয়েক ঘণ্টা আগে এই চোটের খবর আসে। ইএসপিএন-এর সূত্র
মতে, খবরটি পাওয়ার পর কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। ভয় ছিল আগামী
৩১
মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং প্রাথমিক অনুশীলন হয়তো মিস করবেন নেইমার। তবে
চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পরই আনচেলত্তি ঝুঁকি নিয়ে নেইমারকে দলে রাখার চূড়ান্ত
সিদ্ধান্ত নেন।
সব বাধা পেরিয়ে আগামী ২৭ মে ব্রাজিলের
বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। এখন দেখার বিষয়, চোটের এই বৃত্ত
ভেঙে নিজের চতুর্থ বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন কতটা পূরণ করতে পারেন
ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক।
আরকে/প্রবা