× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল

হ্যাটট্রিকে চমক শ্রাবন্তীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২২:০৬ পিএম

দলকে চ্যাম্পিয়ন করানোর পথে মাচের সেরা খেলোয়াড়ও শ্রাবন্তী কীর্তিনীয়া। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দলকে চ্যাম্পিয়ন করানোর পথে মাচের সেরা খেলোয়াড়ও শ্রাবন্তী কীর্তিনীয়া। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মেহেন্দিগঞ্জের অদম্য কিশোরী শ্রাবন্তী কীর্তনীয়ার চোখ ধাঁধানো হ্যাটট্রিকে বরগুনা জেলাকে ৩-০ গোলে হারিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬ফুটবলে বালিকা বিভাগে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল জেলা দল। কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে তখন শুধুই বরিশালের মেয়েদের উল্লাস। প্রতিপক্ষ বরগুনা জেলা দলকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বরিশাল জেলা দল। আর এই রাজকীয় জয়ের একমাত্র রূপকার মেহেন্দিগঞ্জের এক অদম্য কিশোরী- শ্রাবন্তী কীর্তনীয়া।

ফাইনালে প্রতিপক্ষের জালে একাই ৩ বার বল পাঠিয়ে হ্যাটট্রিকের অনবদ্য গৌরব অর্জন করেছেন তিনি। কেবল ফাইনালই নয়, সেমিফাইনালেও পটুয়াখালীর বিপক্ষে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।

খেলা শুরুর পর থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বরিশাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা শ্রাবন্তীর পায়ের জাদুতে কুপোকাত হয় বরগুনার রক্ষণভাগ। একের পর এক আক্রমণ সাজিয়ে বরগুনার গোলপোস্ট তছনছ করে দেন মেহেন্দিগঞ্জ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই শিক্ষার্থী। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। ম্যাচ শেষে ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরার আলোচনাতেও সবার ওপরে এই উদীয়মান তারকা।

অথচ মাঠের এই রূপকথার পেছনের গল্পটা চড়াই-উতরাইয়ে ভরা। বরিশালের মেহেন্দিগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শ্রাবন্তী। বাবা বাদল চন্দ্র কীর্তনীয়া পেশায় দর্জি এবং মা বিথী রানী দাস গৃহিণী। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে কোনো পেশাদার বা একাডেমিক কোচিংয়ের সুযোগ পাননি শ্রাবন্তী। চড়া মূল্যের সুযোগ-সুবিধা কিংবা উন্নত প্রশিক্ষণ ছাড়াই কেবল সহজাত প্রতিভা আর তীব্র ইচ্ছাশক্তিকে পুঁজি করে তিনি আজ মাঠ মাতাচ্ছেন।

বরিশালের মেহেন্দিগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শ্রাবন্তী। বাবা বাদল চন্দ্র কীর্তনীয়া পেশায় দর্জি এবং মা বিথী রানী দাস গৃহিণী। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শ্রাবন্তীর ফুটবলের অনুপ্রেরণা দেশীয় ফুটবলের গতি তারকা ঋতুপর্ণা চাকমা এবং বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি। অভাবের সংসার আর প্রাতিষ্ঠানিক নির্দেশনার অভাব সত্ত্বেও শ্রাবন্তীর চোখজুড়ে এখন অনেক বড় স্বপ্ন। তার মূল লক্ষ্য, একদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠ মাতানো।

সারাদেশের প্রান্তিক অঞ্চল থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার যে মহতী উদ্যোগ ‘নতুন কুঁড়ি’, শ্রাবন্তী কীর্তনীয়ার এই অবিশ্বাস্য পারফরম্যান্স যেন সেই কর্মসূচির সাফল্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ফুটবল বোদ্ধাদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা আর উন্নত প্রশিক্ষণ পেলে শ্রাবন্তীর মতো প্রতিভারা আগামী দিনে বাংলাদেশের নারী ফুটবলকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা