প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:১২ পিএম
আপডেট : ২০ মে ২০২৬ ২১:২৩ পিএম
পর্তুগাল স্কোয়াড। ছবি: সুপারব্রু
ঘোষণা করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য পর্তুগালের ২৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।
প্রত্যাশানুযায়ী ৪১ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে দলনেতা হিসেবে যাচ্ছেন কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার (১৪৩ গোল) সামনে এটাই বিশ্বমঞ্চের অধরা ট্রফিটি উঁচিয়ে ধরার শেষ সুযোগ। হেড কোচ রবার্তো মার্তিনেজের এবারের দলটিকে বলা হচ্ছে পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড।
তারকাখচিত এই দলের রয়েছে বিশ্ব জয়ের সম্ভাবনা। এবারের পর্তুগাল দল শুধু রোনালদোকেন্দ্রীক নয়। ইউরোপের শীর্ষ ক্লাব কাঁপানো একঝাঁক বিশ্বসেরা তারকা আছেন এই স্কোয়াডে।
ডিফেন্স: রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকবেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস ও পিএসজির গতিময় ফুলব্যাক নুনো মেন্দেস।
মিডফিল্ড: মাঝমাঠ সচল রাখবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস, ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা এবং পিএসজির তরুণ তারকা ভিতিনহা।
অ্যাটাক: আক্রমণভাগে রোনালদোর সঙ্গী হিসেবে থাকছেন এসি মিলানের গতিশীল উইঙ্গার রাফায়েল লেয়াও এবং পিএসজির স্ট্রাইকার গনসালো রামোস।
ফুটবল বিশ্লেষকদের মতে, প্রতিটা পজিশনে বিশ্বমানের ব্যাকআপ খেলোয়াড় এবং কোচ মার্তিনেজের ৪-২-৩-১ ফর্মেশনের কারণে এবার পর্তুগালের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া প্রয়াত ফরোয়ার্ড দিওগো জোতাকে উৎসর্গ করা এই আসরে রোনালদোর ‘লাস্ট ডান্স’ মোটিভেশন দলকে ট্রফি জেতাতে বাড়তি অনুপ্রেরণা দেবে।