মুশফিকুর রহিম। ছবি : বাসস
সিলেট টেস্টের তৃতীয় দিনে একই সঙ্গে দুই রেকর্ড গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দিনের দ্বিতীয় সেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
দিনের তৃতীয় সেশনে নিজের নামে আরেকটি রেকর্ড তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। মুমিনুল হককে টপকে টেস্টে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। ১৮০ বলে নিজের ১৪ তম শতক তুলে নিয়েছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
এই শতক নিয়ে টেস্টে শতক করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। ১৩ শতক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মুমিনুল।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮১ বলে ১০৪ রানে অপরাজিত আছেন মুশফিক। তাইজুল ইসলাম অপরাজিত আছেন ৩৬ বলে ১৬ রান করে। বাংলাদেশের লিড ৩৭৭।