প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২০:০৬ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২০:১৭ পিএম
জাবি আলোনসো ছবি: গেটিইমেজ
স্প্যানিশ ফুটবলার জাবি আলোনসোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। চার বছরের চুক্তিতে আগামী জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা করবেন ৪৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, আলোনসোর হাত ধরে সাম্প্রতিক সময়ের অস্থিরতা কাটিয়ে আবারও সাফল্যের ধারায় ফিরবে ব্লুজরা।
মাত্র আট মাস রিয়াল
মাদ্রিদের দায়িত্বে থাকার পর অধারাবাহিক পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানোয়
চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়েন আলোনসো। যদিও
স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার তিন বছরের চুক্তি ছিল। এর আগে জার্মান ক্লাব লেভারকুসেন
আলোনসোর অধীনে ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জেতে। পাশাপাশি জার্মান
কাপও নিজেদের করে নেয় দলটি।
চেলসিতে আলোনসোর নিয়োগের
ঘোষণা আসে এফএ কাপের ফাইনালে সিটির কাছে পরাজয়ের একদিন পর। পুরো মৌসুমে কোচ পরিবর্তনের
ধাক্কায় ভুগেছে লন্ডনের ক্লাবটি।
পারফরম্যান্সের খুব
একটা উন্নতি না হওয়ায় গত মাসে কোচ লিয়াম রোজেনিয়রকে ছাটাই করে চেলসি। যেখানে তার কেটেছে
কেবল ১০৬ দিন। এর আগে ১৮ মাসের অধ্যায়ে ইতি টেনে জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় কোচ
এনজো মারেসকা চেলসির দায়িত্ব ছাড়েন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান
কালুম ম্যাকফারলেন।
নিজের নতুন দায়িত্ব
নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলোনসো বলেন, “চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের কোচ
হতে পেরে আমি ভীষণ গর্বিত। মালিকপক্ষ ও ক্লাবের ক্রীড়া ব্যবস্থাপনার সঙ্গে আলোচনায়
আমি বুঝেছি, আমাদের লক্ষ্য ও স্বপ্ন একই; দলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার উপযোগী
করে গড়ে তোলা এবং নিয়মিত শিরোপার লড়াইয়ে রাখা।”
তিনি আরও বলেন, “দলে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং এই ক্লাবের সম্ভাবনাও অনেক
বড়। এই দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। এখন আমাদের মূল লক্ষ্য হবে কঠোর পরিশ্রম,
সঠিক সংস্কৃতি গড়ে তোলা এবং ট্রফি জয়।”
খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে পাঁচ বছর কাটিয়েছেন আলোনসো। ২০০৫ সালে ক্লাবটির ঐতিহাসিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া খেলেছেন রিয়াল সোসিয়াদাদ, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। স্পেন জাতীয় দলের জার্সিতে ১১৪ ম্যাচ খেলেছেন আলোনসো। তার সাফল্যের মুকুটে রয়েছে ২০১০ বিশ্বকাপ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা।