মাত্র ৫৮ বলে সিরিজে নিজের প্রথম ফিফটি তুলে নেন মাহমুদুল হাসান জয়। ছবি: গেটি ইমেজেস
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ১৫৬ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে উইকেট আছে আরও ৭টি।
নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। খুররম শেহজাদের বলে গালিতে শাকিলকে ক্যাচ দেন তানজিদ। অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটার ৭ বলে করেছেন ৪ রান।
তিন নম্বরে ক্রিজে আসেন অভিজ্ঞ মুমিনুল হক। তাকে সাথে নিয়েই কিছুটা হাত খুলে খেলা শুরু করেন অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। মাত্র ৫৮ বলে সিরিজে নিজের প্রথম ফিফটি তুলে নেন জয়। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। অতিরিক্ত শট খেলার চেষ্টায় উইকেট দিতে হয় তাকে।
আব্বাসের বলেই আবদুল্লাহ ফজলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল। তার উইকেটের মধ্য দিয়ে ভাঙে ৭৬ রানের জুটি।
এরপরই উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শেষ সময়ে আর বিপদ ডেকে আনতে চাননি দুজনের কেউই। তবে দিনের একদম শেষভাগে এসে আউট হন মুমিনুল হকও।
খুররম শেহজাদের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। তার উইকেটের মধ্য দিয়েই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ৬০ বলে ৩০ করে ফেরেন মুমিনুল। শান্ত অপরাজিত আছে ১৩ রানে।
এর আগে তৃতীয় ইনিংসের শুরুতেই পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৬ রানের লিড নিয়ে।