প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২০:৪৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ২১:০১ পিএম
নাহিদ রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেটের নতুন গতি-তারকা নাহিদ রানা। ভয়ংকর পেস, আগ্রাসী বোলিং আর ধারাবাহিক পারফরম্যান্সে এবার বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় স্বীকৃতি পেলেন তরুণ এ পেসার। আইসিসির এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এ স্পিডস্টার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয় আনায় মুল ভূমিকা রাখেন নাহিদ। তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন তিনি। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন কিউই ব্যাটিং লাইনআপ।
নাহিদের গতি, বাউন্স ও আগ্রাসী বোলিং এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি করেছে নতুন আলোচনা। তার বিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ক্রিকেট অনেক দিন পর পেয়েছে সত্যিকারের এক্সপ্রেস পেসার। মাত্র ২২ বছর বয়সেই নাহিদ দেশের ক্রিকেটের বড় ভরসা। পাকিস্তানের বিপক্ষেও সাম্প্রতিক টেস্টে ৫ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন নাহিদ। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এসেছে আইসিসির এ স্বীকৃতি।
নাহিদ রানার আগে মাত্র তিন বাংলাদেশি ক্রিকেটার পেয়েছেন আইসিসির এ সম্মান। তারা হলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাদের সঙ্গে যুক্ত হলেন গতি তারকা নাহিদ রানা।
একসময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল স্পিন নির্ভর দল। তবে সময় বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক এখন নাহিদ রানা। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে নিয়মিত বোলিং করে তিনি এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়।