প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৬:৪৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬ ১৭:০৮ পিএম
আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটার হয়েছেন পেসার নাহিদ রানা। ছবি: আইসিসি
আইসিসির অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পুরুষদের এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ডানহাতি এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট শিকার করেন নাহিদ। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
যদিও আইসিসির মাসসেরা হওয়া রানার জন্য এটাই প্রথমবার। পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে রানা বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া সত্যিই দারুণ অনুভূতি।
“নিজেদের মাঠে এমন পারফরম্যান্স করতে পারায় এটা আরও স্পেশাল। এটি এমন একটি সিরিজ, যা আমি সবসময় মনে রাখব”।
পুরো সময় জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তরুণ এই ক্রিকেটার।
তিনি আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতেও দলের জন্য আরও জয় এবং স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব”।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬৫ রান খরচায় মাত্র একটি উইকেট নেন রানা। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নেন তরুণ এই পেসার। প্রথমটিও এসেছিল এ বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে।
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৮ রানে, আর রানা শেষ করেন ৫/৩২ বোলিং ফিগারে।
তৃতীয় ও শেষ ওয়ানডেতেও কিউই ব্যাটারদের ভুগিয়েছেন রানা। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আরও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের জন্য হন সিরিজসেরাও।
পুরো সিরিজে রানার আটটি উইকেট আসে ১৬.৭৫ গড়ে এবং ৪.৪৬ ইকোনমি রেটে। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এপ্রিলের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার এনে দেয়।