প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৯:০২ পিএম
ব্যাটার মুশফিকুর রহিম। ছবি: বাসস
বাংলাদেশের হয়ে টেস্টে ব্যক্তিগত অর্জনের খাতায় নতুন এক মাইলফলক যোগ করলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এখন মুশফিকের দখলে। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের একটি লড়াকু ইনিংস খেলেন মুশফিক। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ৪২তম ৫০ বা ততোধিক রানের ইনিংস। এর মাধ্যমে তিনি টপকে যান তামিম ইকবালের ৪১টি ফিফটি-প্লাস ইনিংসের রেকর্ড।
১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মুশফিকের এই ৪২টি ইনিংসের মধ্যে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি। অন্যদিকে, ৭০ টেস্টে ৪১ বার ৫০-এর বেশি রান করেছেন তামিম ইকবাল, যার মধ্যে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এতদিন এই রেকর্ডে মুশফিক ও তামিম যৌথভাবে শীর্ষে ছিলেন।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি ৩৯ বার ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। মোমিনুলের ঝুলিতে রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি।
তালিকায় চতুর্থ অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭১ টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিসহ মোট ৩৬ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।