× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজাদের কোচ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২২:৫৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ২২:৫৫ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করছেন বাফুফে কর্মকর্তারা। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করছেন বাফুফে কর্মকর্তারা। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় জাতীয় দলের নতুন কোচ নিয়োগ থেকে শুরু করে স্থায়ী স্টেডিয়াম নির্মাণ ও কক্সবাজারে আধুনিক এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার মতো নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সভা শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় দলের নতুন কোচ নিয়োগের কাজ এখন শেষ পর্যায়ে। কয়েকজন কোচকে ইতোমধ্যে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তার ভাষায়, দেশের ফুটবলে নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ও মানসম্পন্ন কোচ নিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোচের সংখ্যা কতজনে নেমেছে, সে বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি তিনি।

নতুন কোচ নিয়োগে আর্থিক সীমাবদ্ধতা থাকলে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, বাফুফে যেসব সমস্যার কথা জানিয়েছে, সেগুলো সমাধানে সরকার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দেশের মানুষের ফুটবল নিয়ে দীর্ঘদিনের আবেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফুটবলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে সরকার ও বাফুফে একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে কক্সবাজারে ফিফার সহায়তায় একটি আধুনিক ‘এক্সিলেন্স সেন্টার’ নির্মাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাফুফের জন্য বরাদ্দ পাওয়া তিনটি স্টেডিয়াম এবং স্থায়ী নিজস্ব ভেন্যু তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রীর মতে, ক্রিকেটের মতো ফুটবলেরও একটি স্থায়ী ও আধুনিক স্টেডিয়াম প্রয়োজন। এ জন্য ঢাকার আশপাশে কয়েকটি সম্ভাব্য জায়গার কথা জানিয়েছে বাফুফে। জায়গাগুলো পরিদর্শনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া বাফুফের জমি সংক্রান্ত প্রায় ৮ কোটি টাকা মওকুফের বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে সরকার। আমিনুল হক বলেন, বিষয়টি নিয়ে নীতিগত আলোচনা হয়েছে এবং বাফুফের প্রত্যাশা অনুযায়ী সমাধানের চেষ্টা করা হবে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা