সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে বাংলাদেশ দলের জোর অনুশীলন। ডানে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। ছবি : বাফুফে
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান শিরোপাধারী বাংলাদেশ। এবার মেয়েদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। ২০২২ এবং ২০২৪ সালে নেপালে জেতা সাফ টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্বপ্না রানী। সর্বশেষ সাফে খেলেছেন মুনকি আক্তারও। আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় হতে যাওয়া সাফে নেই এই দুই মিডফিল্ডার। পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন তারা।
গত
দুটি সাফ জয়ী দলের সদস্য স্বপ্না ও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুনকিকে শুধু
বাদই দেননি কোচ পিটার বাটলার, তাদের নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন। আজ বুধবার (৬ মে) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ব্রিটিশ কোচ বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স
খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি এবং আশাকরি একদিন
ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা
দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই।’
বাদ
পড়াদের শূন্যস্থান পূরণে সাফের ২৩ জনের চূড়ান্ত দলে প্রথমবার সুযোগ পেয়েছেন স্বর্ণা
রানী, হালিমা খাতুন, সুরমা জান্নাত, সৌরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস,
মোমিতা খাতুন ও উমেহলা মারমা। এর মধ্যে অর্পিতা ও মোমিতা প্রথমবারের মতো জাতীয় দলে
ডাক পেয়েছেন। তবে চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার নবীরন খাতুন। এছাড়া বাদ পড়েছেন
সিনিয়র দলে খেলা নিয়মিত মুখ আরেক মিডফিল্ডার পূজা দাস।
সংবাদ
সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘নতুন বলতে কিছু নেই, কারণ আমরা অনেকদিন ধরে
একসঙ্গে অনুশীলন করছি। সবার মধ্যে বোঝাপড়া খুব ভালো। আশাকরি সবাই মিলে ভালো কিছুই করতে
পারব।’
২০২৪
সালের সাফের স্কোয়াড থেকে এবার সাফে নেই মোট ১০ জন। সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা
ও সানজিদা ছিলেন সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিয়ানমারে হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের
পর থেকেই তারা আর বাটলারের বিবেচনায় নেই। এছাড়াও ওই আসরে খেলেছেন নীলা, ইয়ারজান, আইরিন, স্বপ্না ও মুনকি।
গত
সাফে ছিলেন না এবার দলে ঢুকেছেন তারা হলেন- সুরমা, হালিমা, সুরভী, উন্নতি, অর্পিতা,
মমিতা, উমেহলা, আনিকা, সৌরভী, এবং স্বর্ণা।
এই
আসরের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাসখানেক আগ থেকে। ১০ দিনের ক্যাম্প হয়েছে
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। কাল দল যাবে থাইল্যান্ডে। সেখানে এক সপ্তাহের ক্যাম্প
করার পর ব্যাংককে ১০ মে থাই প্রিমিয়ার লিগের ক্লাব কাসেম বুন্দিত এফসি ও ১৭ মে দ্বিতীয়
বিভাগের ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকেই ২১
মে সরাসরি দল যাবে ভারতে।
এবারের
সাফে বাংলাদেশের প্রথম গ্রুপ (বি) ম্যাচ ২৮ মে, মালদ্বীপ ও দ্বিতীয় ম্যাচ ৩১ মে ভারতের
বিপক্ষে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন।
জবাবে
প্রত্যাশার পারদ নিচে রাখার আহ্বান জানান আফঈদা, ‘হার-জিত তো খেলার অংশই। ছোট ছোট ভুল
থেকে শিখব। আমরা এএফসিতে প্রথমবার খেলতে গিয়েছিলাম। প্রথমবারেই আমরা খুব ভালো কিছু
করব এটা আমাদের কাছে আশা করা ঠিক না। আমাদের দেশের মানুষ একটু বেশিই আশা করে। ওখান
থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এতদিনে আমরা সাফে খেলেছিলাম। এখন বড় পর্যায়ে খেলেছি।
সেখানে অনেক কিছু শিখতে পেরেছি। এভাবেই এগিয়ে যাব।’
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মিলি আক্তার, সুরমা জান্নাত, হালিমা আক্তার, সুরভী আক্তার আরফিন, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, উমেহলা মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, শিউলি আজিম।
আরকে/প্রবা