আবাহনীর এই হার মোটেও প্রত্যাশিত ছিল না। ছবি : বাফুফে
ফেডারেশন কাপের জটিল সমীকরণে মঙ্গলবার নাটকীয়ভাবে নির্ধারিত হলো শেষ চারের ভাগ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে নিজেদের কাজটা সহজ করেছিল পিডব্লিউডি এফসি। তবে আরেক মাঠে রহমতগঞ্জ এমএফএস ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ড্রয়ে কপাল পুড়েছে তাদের।
বসুন্ধরা
কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়
করেছে পিডব্লিউডি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ ও ফকিরেরপুলের
খেলা গোলশূন্য ড্র হয়।
কিংস
অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি আবাহনী ও পিডব্লিউডির কেউই। ৬৬ মিনিটে
মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহর দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় পিডব্লিউডি। সেই গোলেই
ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত আবাহনীর বিদায় নিশ্চিত
করেছে তারা।
কুমিল্লায়
রহমতগঞ্জ-ফকিরেরপুল ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে শুরু
হয়। পরের রাউন্ডে যেতে ড্র প্রয়োজন ছিল রহমতগঞ্জের। কাঙ্খিত ড্র নিয়ে পরের রাউন্ড নিশ্চিত
করেছে ক্লাবটি।
আবাহনী-পিডব্লিউডি ম্যাচের একটি দৃশ্য। ছবি : বাফুফে
৪
ম্যাচে ১ জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে রহমতগঞ্জ।
সমান ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করে আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাদার্স ইউনিয়ন।
আবাহনী ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিদায় নিয়েছে।
কোয়ালিফিকেশন
রাউন্ডে ‘এ' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন
বসুন্ধরা কিংসের। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল পাবে আরও
একটি সুযোগ।
দুই
গ্রুপের রানার্স-আপ রহমতগঞ্জ ও মোহামেডান নিজেদের মধ্যে লড়বে। সেই ম্যাচের বিজয়ী
দল খেলবে কিংস-ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল হবে ফাইনালের
দ্বিতীয় দল।
আরকে/প্রবা