× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের প্রথম জয়ের ছোঁয়ায় ইতিহাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২২:৪৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ২২:৪৫ পিএম

আন্তর্জাতিক হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ঐতিহাসিক প্রথম জয় কুড়িয়ে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। শুক্রবার জাকার্তার জিবিকে হকি ফিল্ডে। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

আন্তর্জাতিক হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ঐতিহাসিক প্রথম জয় কুড়িয়ে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। শুক্রবার জাকার্তার জিবিকে হকি ফিল্ডে। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

অভিষেকের রোমাঞ্চ কাটার আগেই ইতিহাস রচিনা করে ফেলল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল জাতীয় নারী হকি দল, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শুক্রবার জাকার্তার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ওমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ।


ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের আইরিন আক্তার রিয়া। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্সে এগিয়ে ছিল দলটি। শুরুতেই রিমন শারিকার গোলে লিড নেয় বাংলাদেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান।

প্রথম কোয়ার্টারের সেই লড়াইয়ের পর দ্বিতীয় কোয়ার্টারে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে ওপেন প্লে থেকে দারুণ এক গোল করে দলকে আবারও এগিয়ে দেন আক্তার কণা। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন আক্তার রিয়া। শেষ কোয়ার্টারে অবশ্য লড়াই ছাড়েনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। তবে শেষ মুহূর্তের চাপ সামলে দারুণ দৃঢ়তা দেখায় লাল-সবুজের দল।

প্রাথমিকভাবে বাহফে বিকেএসপিতে জাতীয় ক্যাম্পের জন্য ৩৭ খেলোয়াড়কে ডাকে। পরে তা কমিয়ে ২৬ জন করা হয়। ছবি : বাংলাদেশ হকি ফেডারেশন

অনূর্ধ-২১ পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড় নিয়ে গড়া এই দলটি শেষ পর্যন্ত জয় ধরে রেখে ইতিহাস গড়ে। আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার লড়াইয়েও নতুন গতি পেল বাংলাদেশ নারী হকি দল।

এর আগে এই আসরে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। রবিবার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের। আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এখনই বড় কোনো ফলের প্রত্যাশা না করলেও দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। গত ফেব্রুয়ারি থেকে দলকে প্রস্তুত করছেন প্রধান কোচ জাহিদ হোসেন রাজু।

বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক হকিতে অংশ নিলেও জাতীয় দল কখনোই গঠন হয়নি। তাই এই সফরটি ছিল ঐতিহাসিক। অথচ বাহফে এই সফরে দলটিকে পাঠায় অনেকটা চুপিসারেই। কেননা দলটিকে নিয়ে কোনো সংবাদ সম্মেলনের আয়োজনও করেনি তারা রহস্যজনকভাবে!

দুই মাস প্রশিক্ষণের পর, ১৮ সদস্যের দলগঠন করা হয়। এর মধ্যে ১৪ জনই বিকেএসপির এবং বাকি চার জন বাইরের। ছবি : বাংলাদেশ হকি ফেডারেশন 

এই নারী দলটি যেভাবে গঠিত হয়, সেটা জানা যাক। প্রাথমিকভাবে বাহফে বিকেএসপিতে জাতীয় ক্যাম্পের জন্য ৩৭ খেলোয়াড়কে ডাকে। পরে তা কমিয়ে ২৬ জন করা হয়। ক্যাম্পে বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো টুর্নামেন্টসহ বাইরে থেকে নির্বাচিত ১১ খেলোয়াড়ও ছিল। দুই মাস প্রশিক্ষণের পর, ১৮ সদস্যের দলগঠন করা হয়। এর মধ্যে ১৪ জনই বিকেএসপির এবং বাকি চার জন বাইরের।

বাংলাদেশ জাতীয় নারী হকি দল : অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা