শুধু প্রধান কোচ নয়, একই সঙ্গে গোলরক্ষক কোচ এবং যুব দলের কোচ নিয়োগের প্রক্রিয়াও চালাচ্ছে বাফুফে। ছবি : বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ পরিবর্তনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কোচ জাভিয়ের ক্যাবরেরার অধ্যায় শেষ হওয়ার আগেই নতুন কোচ খোঁজার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে জাতীয় দলের ডাগআউটে দায়িত্ব নিতে তিন শতাধিক আবেদন জমা পড়েছে।
এই বিশাল তালিকা থেকে যোগ্য প্রার্থীদের
বাছাই করতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন বাফুফের
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন
সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
হিল্টন জানিয়েছেন, এই কমিটি প্রাথমিকভাবে
প্রার্থীদের যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে এবং সেই প্রতিবেদন জাতীয়
দল কমিটির কাছে জমা দেবে। এরপর চূড়ান্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
শুধু প্রধান কোচ নয়, একই সঙ্গে গোলরক্ষক
কোচ এবং যুব দলের কোচ নিয়োগের প্রক্রিয়াও চালাচ্ছে বাফুফে। জানা গেছে, গোলরক্ষক কোচ
পদের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচের জন্যও প্রায় সমসংখ্যক আবেদন জমা পড়েছে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি
ম্যাচ খেলবে বাংলাদেশ। আশা করা হচ্ছে, নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে মাঠে নামবেন
হামজা-শমিতরা।
আরকে/প্রবা