প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২২:৪২ পিএম
চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে কারা? চলছে জোর লড়াই। ছবি : উয়েফা ডট কম
ইউরোপীয় ফুটবলের মৌসুম শেষের দিকে গড়াতেই উত্তেজনা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। শিরোপা দৌড়ের পাশাপাশি এখন সবচেয়ে বেশি আলোচনায় চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের লড়াই। শীর্ষস্থান ধরে রাখা কিংবা শেষ মুহূর্তে জায়গা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে ভাগ্য নির্ধারণী। বড় ক্লাবগুলোর জন্য এটি সম্মান রক্ষার প্রশ্ন, আর মাঝারি দলগুলোর জন্য ইতিহাস গড়ার সুযোগ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে
নতুন করে উত্তেজনা ফিরিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের হোঁচটের সুযোগ নিয়ে তারা
ব্যবধান কমিয়েছে, ফলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন নির্ধারণ হতে পারে গোল ব্যবধান কিংবা
মুখোমুখি লড়াইয়ে। তবে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের ক্ষেত্রে তেমন নাটকীয়তা নেই। শীর্ষ
পাঁচ দলই ইউরোপের আসরে জায়গা পাবে। এর বাইরে মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলোর মধ্যে
পয়েন্ট ব্যবধান খুব কম, ফলে লিগের নিচের অংশেই জমেছে আসল প্রতিযোগিতা। অবনমন নিয়েও
চলছে টানটান উত্তেজনা।
স্প্যানিশ লা লিগায় চিত্রটা তুলনামূলক
একপেশে। বার্সেলোনার দাপটে শিরোপা প্রায় নিশ্চিত, রিয়াল মাদ্রিদ পিছিয়ে দ্বিতীয় স্থানে।
শীর্ষ চারের বাকি দুটি স্থানও অনেকটাই স্থির, ফলে এখানে শেষ দিকে বড় কোনো নাটকীয়তার
সম্ভাবনা কম।
ইতালির সিরি ‘আ’তে শিরোপা দৌড় প্রায়
শেষের পথে। ইন্টার মিলান বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাদের শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র।
তবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের জায়গা নিয়ে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এসি
মিলান, নাপোলি ও জুভেন্টাসের লড়াইয়ের পাশাপাশি নিচের দিকেও কয়েকটি দল ইউরোপীয় আসরে
জায়গা পাওয়ার আশা ছাড়েনি।
জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ
আগেই শিরোপা নিশ্চিত করেছে। এখন দৃষ্টি বাকি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ স্পটে। ডর্টমুন্ড
ও লিপজিগ এগিয়ে থাকলেও চতুর্থ স্থানের জন্য লড়াই বেশ জমজমাট, যেখানে একাধিক দল সুযোগের
অপেক্ষায়।
ফ্রান্সের লিগ আঁ-এ শিরোপা লড়াই এবার
জমেছে। পিএসজি এগিয়ে থাকলেও লাঁস কাছাকাছি অবস্থানে থেকে চাপ সৃষ্টি করছে। শীর্ষ তিনে
জায়গা পাওয়া নিয়েও তীব্র প্রতিযোগিতা, যেখানে লিঁও, লিলসহ আরও কয়েকটি দল শেষ মুহূর্ত
পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
সব মিলিয়ে মৌসুমের শেষভাগে ইউরোপের
পাঁচ লিগেই উত্তেজনা তুঙ্গে, যেখানে প্রতিটি ম্যাচই বদলে দিতে পারে পুরো হিসাব-নিকাশ।
আরকে/প্রবা