× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের হ্যাজিতেই ভরসা রোমানিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ২২:৩৬ পিএম

রোমানিয়া জাতীয় ফুটবল দল আবারও ভরসা রাখল তাদের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র গিওর্গি হ্যাজির ওপর। ছবি : গেটি ইমেজ

রোমানিয়া জাতীয় ফুটবল দল আবারও ভরসা রাখল তাদের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র গিওর্গি হ্যাজির ওপর। ছবি : গেটি ইমেজ

রোমানিয়া জাতীয় ফুটবল দল আবারও ভরসা রাখল তাদের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র গিওর্গি হ্যাজির ওপর। দীর্ঘ ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ফিরেছেন এই কিংবদন্তি। সদ্যপ্রয়াত মিরচিয়া লুচেস্কুর শূন্যস্থান পূরণ করতেই হ্যাজিকেই বেছে নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।

৬১ বছর বয়সী হ্যাজি শুধু একজন সাবেক ফুটবলার নন, দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য নাম। ১৯৯৪ বিশ্বকাপে তার নেতৃত্বে রোমানিয়া পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে-যা এখনও দেশের অন্যতম সেরা সাফল্য। সৃজনশীল মিডফিল্ডার হিসেবে তিনি খেলেছেন ইউরোপের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে।

তবে কোচ হিসেবে তার প্রথম অধ্যায়টা সুখকর ছিল না। ২০০১ সালে মাত্র তিন মাস দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ বিশ্বকাপের প্লে-অফে দলকে তুলতে ব্যর্থ হওয়ায় তখনই তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ক্লাব ফুটবলে স্টিয়া বুখারেস্ট ও তুরস্কের গ্যালাতাসারায়ের মতো দলে কাজ করেছেন হ্যাজি।

সাম্প্রতিক সময়ে তুরস্কের কাছে প্লে-অফে হারের পর অসুস্থ হয়ে দায়িত্ব ছাড়েন মিরচিয়া লুচেস্কু। গত ৭ এপ্রিল ৮০ বছর বয়সে তার মৃত্যু হলে কোচের পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যস্থান পূরণেই আবার সামনে আসেন হ্যাজি।

নতুন দায়িত্ব নিয়ে হ্যাজি বলেছেন, দেশের হয়ে খেলোয়াড় হিসেবে যেমন গর্ব নিয়ে প্রতিনিধিত্ব করেছেন, কোচ হিসেবেও একইভাবে দায়িত্ব পালন করতে চান। তার বিশ্বাস, রোমানিয়া আবারও ইউরোপের সেরা দলগুলোর কাতারে ফিরে আসতে পারবে।

রোমানিয়া শেষবার বিশ্বকাপে খেলেছিল ১৯৯৮ সালে। যদিও ২০২৪ ইউরোতে তারা শেষ ষোলোতে উঠেছিল, কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয়। নতুন কোচের অধীনে জুনে জর্জিয়া ও ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরপর নেশন্স লিগে সুইডেন, বসনিয়া-হার্জেগোভিনা ও পোল্যান্ডের সঙ্গে একই গ্রুপে লড়বে তারা।

রোমানিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হ্যাজির সঙ্গে চুক্তি করা হয়েছে। লক্ষ্য একটাই-জাতীয় দলকে আবার বিশ্ব ফুটবলের অভিজাত মঞ্চে ফিরিয়ে আনা। ফেডারেশনের সভাপতি রাজভান বুরলিয়ানু স্বীকার করেছেন, হ্যাজিকে ফেরাতে তারা বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিলেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা