প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৪০ পিএম
উইকেট নেওয়ার পর দলের সাথে উদযাপন করছেন শরীফুল ইসলাম। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
বাংলাদেশ–নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও শেষ দিকে কিছুটা ছন্দ হারিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তুলেছে নিউজিল্যান্ড।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা কিউইরা শুরুতে বেশ ধীরগতিতে এগোয়। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ নতুন বলে ভালো লাইন–লেংথে বল করে রান আটকে রাখেন। এরই মধ্যে শরীফুলের দারুণ এক ডেলিভারিতে দ্রুতই আউট হন ওপেনার নিক কেলি।
এরপর ইনিংস গড়ার দায়িত্ব নেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। দুজন মিলে তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলের ভিত শক্ত করেন। নিকোলস ধৈর্য ধরে খেলে তুলে নেন ফিফটি, শেষ পর্যন্ত ৮৩ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
রান রেট কম থাকলেও উইকেটের দেখা পাচ্ছিলো না বাংলাদেশ। বাংলাদেশের জন্য ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচরে ২৭তম ওভারে বোল্ড করে ফেরান অধিনায়ক টম ল্যাথামকে। কিউইদের সংগ্রহ তখন ১২৭ রান।
পরের ওভারে নিকোলসকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। ৯ বলের মধ্যে সেট হওয়া দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে ইনিংসের শেষদিকে প্রতিরোধ গড়েন ডিন ফক্সক্রফট। তিনি ৫৮ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার। তার সঙ্গে ছোট ছোট জুটিতে রান বাড়ান জশ ক্লার্কসন ও অন্যরা।
৪২তম ওভারে তাসকিনের দ্বিতীয় বলে বোল্ড ক্লার্কসন। ১৬ বলে ৮ রানে ফেরেন তিনি। শেষ ওভারে ব্লেয়ার টিকনারের উইকেটটিও নিজের ঝুলিতে নিয়েছেন তাসকিন। মাঝে নাহিদের ইয়র্কারে বোল্ড হন ডিন ফক্সক্রফট। ৮ চারে ৫৮ বলে ৫৯ রানে ফিরেছেন তিনি।
দুর্দান্ত বোলিং করেছেন পেসার শরীফুল ইসলামও। ১০ ওভারে ২ মেডেন ও ২৭ রানে ২টি উইকেট নেন শরীফুল। নাহিদ রানা ছাড়া বাকিরা সবাই ওভারপ্রতি গড়ে ৬ রানের নিচে দিয়েছেন। তাসকিন ৫০ রানে ২টি এবং রিশাদও ৪৪ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট মিরাজ ও নাহিদের। ৬৫ রান দেন নাহিদ।
নিয়মিত বিরতিতে উইকেট পেলেও ফিল্ডিংয়ে কয়েকটি সহজ ক্যাচ মিস ও বাড়তি রান দেওয়ার কারণে আড়াইশোর কোটায় রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান।