চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ হকি দল। তাই বাছাইপর্বের শেষ ম্যাচটি ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ। শুক্রবার সেই সুযোগ কাজে লাগিয়ে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। আশরাফুল ইসলামের দুটি গোল ও মেহরাব হোসেনের জয়সূচক আঘাতে ম্যাচের সমাপ্তি ঘটে স্বস্তির আবহে।
ম্যাচের
শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার
থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি—প্রথম
কোয়ার্টারেই ওয়ে চেং জির গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপে।
দ্বিতীয়
কোয়ার্টারে আবারও পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে
নেন আশরাফুল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে লো হাউ-কাইয়ের গোলে আবারও সমতা ফেরায় প্রতিপক্ষ,
ফলে ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত ৩৮ মিনিটে মেহরাব হোসেনের দারুণ ফিল্ড গোল বাংলাদেশের
জয় নিশ্চিত করে। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত রক্ষণভাগ দৃঢ় থেকে এই লিড ধরে রাখে।
তবে
পুরো বাছাইপর্ব বাংলাদেশের জন্য সহজ ছিল না। শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হার এবং উজবেকিস্তানের
সঙ্গে ১-১ ড্রয়ের পর মূল পর্বে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু হংকংয়ের বিপক্ষে
টাইব্রেকারের নাটকীয় জয়ে পরিস্থিতি পাল্টে যায়।
এ
পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ অংশ নিয়েছে ১১ বার। এর আগে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ
স্থান অর্জনই ছিল দলের সেরা সাফল্য। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা জেগেছে
নতুন করে।
আরকে/প্রবা