প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩৮ পিএম
কোচ মারুফুল হকের অধীনে অনুশীলনে আবাহনী। ছবি : প্রবা ফটো
আবাহনী আবাহনী মোহামেডান, কেউ কাউকে নাহি ছাড়ে, সমান সমান ...’ বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা বলতে গেলে হারিয়েই গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে খেলাটি আবারও জেগে উঠছে। ঘরোয়া ফুটবলের সবচেয়ে আলোচিত ও পুরনো দ্বৈরথ হচ্ছে ঢাকা আবাহনী এবং মোহামেডানে স্পোর্টিং ক্লাবকে ঘিরে। একসময় আবাহনী-মোহামেডান নাম দুটি শুনলেই ফুটবলপ্রেমীদের রক্ত টগবগ করে ফুটতো। বয়ে যেত তর্কের তুফান। বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) কাল দ্বাদশ রাউন্ডে ঐতিহ্যবাহী ক্লাব দুটি পরস্পরের মুখোমুখি হচ্ছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। একই সময়ে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়নের এবং গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব আতিথ্য দেবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
চলমান লীগে দুই দলের দুই রকম অবস্থা।
২০ বারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১০ দলের মধ্যে প্রায় মাঝমাঝিÑষষ্ঠ
অবস্থানে। পয়েন্ট ১১ ম্যাচে ১১। জিতেছে ২, হেরেছে ৪ এবং ড্র করেছে ৫ ম্যাচে। সে তুলনায়
কিছুটা ভাল অবস্থানেই আছে ১৭ বারের লিগ শিরোপাধারী আবাহনী। সমান ম্যাচে তাদের পয়েন্ট
১৯। এখনও আছে লিগ-শিরোপার রেসে। তারা জিতেছে ৫ ম্যাচে। ড্র করেছে ৪ ম্যাচে। হেরেছে
২ ম্যাচে।
আজ আবাহনীর ভরসা তাদের মালি ফরোয়ার্ড
সুলেমান দিয়াবাতে, যিনি বহু বছর খেলেছেন মোহামেডানে। চলতি লিগে দিয়াবাতে করেছেন ৮ গোল,
যা দ্বিতীয় সর্বোচ্চ। পক্ষান্তরে মোহামেডানের ত্রাতা হতে পারেন তাদের ঘানা ফরোয়ার্ড
স্যামুয়েল বোয়াটেং, যার গোলসংখ্যা ৫। 
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের চলতি লিগে সময়টা ভালো যাচ্ছে না। ছবি : মোহামডানের ফেসবুক পেজ
পৃথিবীর সবদেশেই ক্রীড়া দর্শকদের জনপ্রিয়
দল আছে। সেসব দলে থাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতামুখর আমেজ। আন্তর্জাতিক ফুটবলে রিয়াল
মাদ্রিদ-বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া
ডর্টমুন্ড ... একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ফুটবলে মোহামেডান-আবাহনী দ্বৈরথও
একই আবহ বহন করে। দু’টি দলের খেলা মানেই সমর্থকদের মাঝে বাড়তি উন্মাদনা। এখন দেখার
বিষয়, আজকের হাইভোল্টেজ ম্যাচে মারুফুল হক, নাকি আলফাজ আহমেদের শিষ্যরা জয়ের হাসি হাসে।
পরিসংখ্যানে
আবাহনী-মোহামেডান ফুটবল দ্বৈরথ :
ম্যাচ ১৪০, আবাহনী জয় ৫০, মোহামেডান জয় ৪৯, ড্র ৩৫, পরিত্যক্ত ৫, ওয়াকওভারে সমাপ্তি
১, আবাহনী গোল ১৪০, মোহামেডান গোল ১৩৩।
আরকে/প্রবা