প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২২:২৫ পিএম
বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
প্রবা প্রতিবেদক এশিয়ান গেমস হকির বাছাইপর্বে কাল বাংলাদেশের জন্য ‘করো অথবা মরো’ লড়াই। বি-গ্রুপে সেমিফাইনালের টিকিট পেতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই লাল-সবুজদের সামনে। কাল সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় থাইল্যান্ডের বিমান বাহিনীর টার্ফে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ
পর্বে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান-দুই দলেরই পয়েন্ট সমান (৩)। ইতোমধ্যেই সেমিফাইনাল
নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, আর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠবে আজকের ম্যাচের বিজয়ী
দল। ফলে ম্যাচটির গুরুত্ব বাড়তি, উত্তেজনাও তুঙ্গে।
এই
গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অনুশীলনে কঠোর সময় কাটিয়েছে বাংলাদেশ দল। কোচ আশিকুজ্জামানের
তত্ত্বাবধানে খেলোয়াড়রা ফিটনেস, পাসিং ও ফিনিশিংয়ে বিশেষ নজর দিয়েছে। পেনাল্টি কর্নার
থেকে গোল আদায়ের কৌশল নিয়েও হয়েছে আলাদা প্রস্তুতি। কোচের বিশ্বাস, আগের মতো এবারও
উজবেকিস্তানকে হারানো সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে একই প্রতিপক্ষকে ৪-২
গোলে হারিয়েছিল বাংলাদেশ।
তবে
প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শারীরিক সক্ষমতা ও দ্রুতগতির খেলায় উজবেকিস্তানও
সমান শক্ত প্রতিদ্বন্দ্বী। তাই ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, তা বলাই যায়।
বাংলাদেশের
জন্য এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তা। অধিনায়ক
রেজাউল করিম বাবুর নেতৃত্বে দল যদি শুরু থেকেই আক্রমণাত্মক থাকে, তবে গোলের সুযোগ তৈরি
করা সম্ভব। একই সঙ্গে ডিফেন্সে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।
ফরোয়ার্ড
লাইনে পুস্কর ক্ষিসা মিমো ও রাকিবুল হাসানদের গতি ও সমন্বয়, সঙ্গে পেনাল্টি কর্নার
বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলামের দক্ষতা-সব মিলিয়ে আক্রমণে
যথেষ্ট ভরসা আছে বাংলাদেশের।
সবদিক
বিবেচনায় কালকের ম্যাচটি বাংলাদেশের জন্য এক বড় পরীক্ষা। জয় মানেই সেমিফাইনাল, আর পরাজয়
মানে লড়াইটা সেখানেই থেমে যাওয়া। তাই লক্ষ্য একটাই-জয় নিয়ে মাঠ ছাড়ার।
আরকে/প্রবা