প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২৩:০৬ পিএম
এ বছরের সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। সেই গেমসের আগে হকির বাছাই প্রতিযোগিতা থাইল্যান্ডে শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। উদ্বোধনী দিনে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
দারুণ জয়ে ম্যাচসেরা হয়েছেন আমিরুল
ইসলাম। খেলা শেষে এক ভিডিও বার্তায় বলেন, 'আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন পয়েন্ট পেয়েছি।
লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ আগাবো। আজ প্রথম ম্যাচ ছিল এবং জিততে পেরেছি। পরের ম্যাচেও
জয়ের লক্ষ্য থাকবে। পাশাপাশি খেলায় উন্নতি করব ইনশাল্লাহ। ম্যাচসেরা হতে পেরে আমি অবশ্যই
আনন্দিত। কবে এর পুরো ক্রেডিট আমার টিমমেটদেরকে। কারণ তারা আমাকে সাপোর্ট করছে। আর
আমি চেষ্টা করছি।'
বৃহস্পতিবার খেলার চতুর্থ মিনিটে চি
হুসানের গোলে লিড নেয় তাইপে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে
১-১ সমতায় ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পাঁচ মিনিট পর আশরাফুলের
পেনাল্টি কর্নার থেকে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। 
তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি
কর্নার থেকে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। সর্বশেষ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার
পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের ‘হকির হামজা’খ্যাত এই তারকা। এই কোয়ার্টারে বাংলাদেশ
তিনটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান বাড়াতে পারেনি। তৃতীয় কোয়ার্টার ৩-১ স্কোরলাইনে
শেষ হয়।
চতুর্থ ও শেষ কোয়ার্টার ছিল চরম নাটকীয়তা।
চাইনিজ তাইপে এই কোয়ার্টারের শুরুতে তিন পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে
রাখে। সেই চাপ সামলে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে গোল করলে বাংলাদেশের
লিড ৪-১ হয়। ঐ মিনিটেই তাইপের চি হুসান ব্যবধান কমিয়ে আনেন ৪-২-এ৷ ১৪ সেকেন্ড
পর পেনাল্টি কর্নার থেকে তাইপে আরেক গোল করলে খেলায় উত্তেজনা ফিরে আসে। বাকি সময় সতর্ক
থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার
সঙ্গে আজ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্ট
এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের চ্যাম্পিয়ন। 
বাংলাদেশ এই বাছাই টুর্নামেন্টে একাধিকবারের
চ্যাম্পিয়ন। সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এশিয়ান
গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮
ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।
আরকে/প্রবা