প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৮ পিএম
ঢাকায় এক সময় শিশু-কিশোরদের জন্য খেলাধুলার অনেক মাঠ ছিল। সময়ের পরিক্রমায় সেই মাঠগুলোর বেশিরভাগই এখন দখল হয়ে গেছে। সেই সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট এলাকার মাঠ পরিদর্শনে গিয়েছিলেন আমিনুল। পরিদর্শন
শেষে সংবাদমাধ্যমকে মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর
কার্যালয় থেকে একটি উচ্চতর কমিটি করে দেওয়া হয়েছে। সেখানে আমাদের তিন মন্ত্রী রয়েছেন।
আমাদের সচিব পর্যায়ে প্রায় ১০ থেকে ১২ সচিব রয়েছেন। ঢাকা মহানগরীতে এরই মধ্যে সচিব
পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।’ এরপরই প্রতিমন্ত্রী
বললেন আসল কথা, ‘খুব শিগগিরই, আগামী ১০ তারিখের পর কোনো এক সময়ে আমি ও মাননীয় মন্ত্রীসহ
সংশ্লিষ্ট সচিবরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রয়োজনীয় মাঠগুলো সরেজমিনে পরিদর্শন করব।
যেসব মাঠ দখলে রয়েছে, সেগুলো দখলমুক্ত করা এবং যেগুলোর সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কারের
উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। যেহেতু এটি একটি
চলমান প্রক্রিয়া, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে ধাপে ধাপে সব কাজ সম্পন্ন করার লক্ষ্য
রয়েছে।’
ক্রীড়া
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু এলাকায় দেখা যায়, বিভিন্ন কারণে খেলার মাঠগুলো অনেক সময়
বন্ধ রাখা হয়। এসব মাঠ সবার জন্য উন্মুক্ত করতে চাই। এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে,
যাতে কোনো মাঠে অযথা বাধা না থাকে। এলাকার শিশু থেকে শুরু করে তরুণ-যুবক-সবাই
যেন নিয়মের মধ্যে থেকে মাঠ ব্যবহার করে খেলাধুলার সুযোগ পায়, তা নিশ্চিত করা হবে।’
আরকে/প্রবা