× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভাবেও ম্যাচ হারা যায়!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১০ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১১ পিএম

মোসাম্মৎ সাগরিকার জোড়া গোলে জেতার যে রঙিন স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেটা বিবর্ণ হয়েছে স্বাগতিক থাইল্যান্ডের কাছে টানা তিন গোল হজম করে। বুধবার পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে। ছবি : বাফুফে

মোসাম্মৎ সাগরিকার জোড়া গোলে জেতার যে রঙিন স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেটা বিবর্ণ হয়েছে স্বাগতিক থাইল্যান্ডের কাছে টানা তিন গোল হজম করে। বুধবার পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে। ছবি : বাফুফে

দুই গোল করে ম্যাচের গল্প যেন নিজের হাতে লিখছিলেন মোসাম্মৎ সাগরিকা। তার পায়ের জাদুতে ইতিহাসের ইঙ্গিত মিলছিল, জয়ের স্বপ্নে ভাসছিল বাংলাদেশ। কিন্তু ফুটবল যে কতটা নির্মম হতে পারে, সেটিই যেন চোখের সামনে প্রমাণ করল থাইল্যান্ড। মাত্র ১০ মিনিটের ঝড়ে সব হিসাব উল্টে দিয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় স্বাগতিকরা। বুধবার (১ এপ্রিল) এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে তাই হতাশা দিয়েই শুরু হলো বাংলাদেশের যাত্রা।


থাম্মাসাত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। তবে চাপে থেকেও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ভয় দেখায় বাংলাদেশ। স্বপ্না রানীর একটি শট সহজেই সামলে নেন থাই গোলরক্ষক আতিমা বুনপ্রাকানপাই। কিন্তু সাগরিকার শটে আর রক্ষা হয়নি।

৩৬ মিনিটে মৌমিতা খাতুনের নিখুঁত পাস ধরে রক্ষণ ভেদ করে এগিয়ে গিয়ে গোল করেন সাগরিকা। গোলের পর কিছুটা ছন্দ হারায় থাইল্যান্ড, আর সেই সুযোগে খেলায় নিয়ন্ত্রণ আনে বাংলাদেশ। বিরতির আগে আরেকটি আক্রমণের সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে পারেননি সাগরিকা।

দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। ৫০ মিনিটে উমেহলা মারমার দারুণ থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সাগরিকা। দুই গোলে এগিয়ে যায় দল।

কিন্তু এখান থেকেই শুরু হয় নাটকীয় পতন। ৬৮ মিনিটে সুরভী আক্তার আরফিনের ফাউলে পেনাল্টি পায় থাইল্যান্ড, সেখান থেকে গোল করে ব্যবধান কমান কুরিসারা লিমপাওয়ানিচ। ৭৫ মিনিটে আরেকটি পেনাল্টিÑ এবার নবীরণ খাতুনের ভুলে। স্পটকিক থেকে সমতায় ফেরান অধিনায়ক রিনইয়াফাত মুনদোং।

বাংলাদেশ যখন চাপে, ঠিক তখনই ৭৯ মিনিটে পিচাইয়াতিদার গোলে ম্যাচে এগিয়ে যায় থাইল্যান্ড। সেই গোলের পেছনে ছিল বাংলাদেশের ভুল পাসের মাশুল।

শেষ সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বাকি সময়জুড়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় দলকে।


অন্য ম্যাচে চীন ৩-০ গোলে হারিয়েছে ভিয়েতনামকে। আগামী ৪ এপ্রিল শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার জিতলে কোয়ার্টার ফাইনালের আশা অনেকটাই জোরালো হতো, কিন্তু এখন সেই পথ হয়ে গেল আরও কঠিন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা