প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৫০ পিএম
মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল বুধবার (১ এপ্রিল) সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্রয়ের পর ফাইনালের টিকিট পেতে মুখিয়ে আছে লাল-সবুজের যুবারা।
এই ম্যাচে দৃষ্টি
নিবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা সুলিভান ভাইদের ওপর। ডেকলান সুলিভান সুযোগ
না পেলেও তার ভাই রোনান সুলিভান দুই ম্যাচে দুই গোল আর এক অ্যাসিস্টে দারুণ শুরু করেছেন।
গতবারের চ্যাম্পিয়ন
হিসেবে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের লক্ষ্য এখন নেপালকে হারিয়ে আবারো শিরোপা উচিয়ে
ধরার মঞ্চে নিজেদের নিয়ে যাওয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
মালদ্বীপের মাটিতে চলমান এই আসরে অপরাজিত থেকে শেষ চারে ওঠা বাংলাদেশের সামনে এখন ফাইনালের
হাতছানি। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন দলের বর্তমান
পোস্টার বয় রোনান সুলিভান।
আসরে এখন পর্যন্ত
বাংলাদেশ জালের দেখা পেয়েছে মোট তিনবার, যার তিনটিতেই সরাসরি অবদান রয়েছে রোনানের।
প্রথম ম্যাচে
পাকিস্তানকে ২-০ গোলে হারানোর কারিগর ছিলেন তিনি নিজে; করেছিলেন চোখধাঁধানো জোড়া গোল।
এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে সমতাসূচক গোলটিতেও ছিল যুক্তরাষ্ট্রের
ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের শৈল্পিক অ্যাসিস্ট। আজ প্রথম সেমিফাইনালে
নেপালের বিপক্ষেও সেই ধার বজায় রাখতে চান তিনি।
বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় রোনান নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন,
‘এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা দলগতভাবে খেলে জয় ছিনিয়ে নিতে চাই। ম্যাচে দুই
গোল করাটা আমার কাছে সঠিক লক্ষ্য বলে মনে হয়।’
রোনানকে নিয়ে
সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকলেও স্কোয়াডে থাকা তার যমজ ভাই ডেকলান সুলিভানকে
নিয়ে দানা বাঁধছে বিতর্ক। রক্ষণভাগের ফুটবলার ডেকলানকে এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে
নামানো হয়নি।
বিশেষ করে ভারতের
বিপক্ষে ম্যাচে ডিফেন্সের দুর্বলতা ফুটে উঠলেও তাকে ডাগআউটে বসিয়ে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে
ক্ষোভ প্রকাশ করছেন অনেক ফুটবলপ্রেমী।
এদিকে, বাফুফের
পক্ষ থেকে পাঠানো ভিডিও বার্তার দৈর্ঘ্য নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের
মূল তারকা রোনানের বার্তা মাত্র ১৫ সেকেন্ড এবং ফুটবলার চন্দন রায়ের ভিডিও ১৩ সেকেন্ডের
হলেও, টিম ম্যানেজার সামিদ কাশেমের আড়াই মিনিটের দীর্ঘ বক্তব্য প্রচার করা হয়েছে। ফুটবল
সংশ্লিষ্টদের মতে, ম্যাচ পূর্ববর্তী সময়ে কর্মকর্তাদের চেয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস
শোনাটাই সমর্থকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এখন দেখার বিষয়,
রোনানের কাঙ্ক্ষিত ‘জোড়া গোল’ বাংলাদেশকে সাফের ফাইনালে নিয়ে যেতে পারে কি না।
আরকে/প্রবা