প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৪৭ পিএম
এএফসির আরও একটি টুর্নামেন্টে খেলতে
যাচ্ছে বাংলাদেশ। এবার এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে এ-গ্রুপে স্বাগতিক
থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের সঙ্গে। পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে কাল বুধবার (৩১ মার্চ) স্বাগতিক
থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাফ ও এশিয়ার মানের পার্থক্যটা
স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
বাটলার বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, এশিয়ার
মানের সঙ্গে সাফের পার্থক্য অনেক। সবসময় এটি নিয়ে কথা বলি, তবে এএফসিই হলো সেই জায়গা,
যেখানে আপনি খেলতে চাইবেন। সেটা সিনিয়র বা অনূর্ধ-২০ দলের টুর্নামেন্টই হোক না কেন।’
এদিতে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব
হারিয়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। দলের নতুন অধিনায়ক হবেন আরেক ডিফেন্ডার অর্পিতা
বিশ্বাস।
সিনিয়রদের এশিয়া কাপে খেলা দলের বেশ
কজন রয়েছেন অনূর্ধ-২০ নারী দলেও। এ নিয়ে বাটলারের ব্যাখ্যা, ‘অনূর্ধ্ব-২০ দলের ১০ থেকে
১২ জনকে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলাম কারণ, তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই
ছিল। অনেক তরুণ খেলোয়াড় এসেছে যাদের জন্য এটি প্রথম অভিজ্ঞতা। আশা করছি এটি মেয়েদের
জন্য একটি চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা হবে আর তারা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে
কিছু শিখতে পারবে।’
চীন অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপের চ্যাম্পিয়ন।
স্বাগতিক থাইল্যান্ড ২০০৪ সালে সেমিফাইনাল খেলেছে। ভিয়েতনামও খেলছে নিয়মিত। শক্তিশালী
দলগুলোর বিপক্ষে ম্যাচের ফল গুরুত্ব দিতে চান না বাটলার, ‘মেয়েরা নিজেদের সামর্থ্যের
প্রমাণ দেবে আর প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। সিনিয়রদের জাতীয় টুর্নামেন্টে
তারা যে পারফরম্যান্স করেছে সেটা আমাদের ভালো অবস্থানে রাখবে। আশা করছি ফলাফলের কথা
না ভেবে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাবো।’
প্রস্তুতি পর্ব শেষ, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।
প্রথমবারের মতো এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপে খেলার রোমাঞ্চ সঙ্গী, তবে এই টুর্নামেন্ট
নিয়ে বড় স্বপ্ন দেখছেন না বাটলার। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের চাওয়া, থাইল্যান্ডে
তার দল খেলকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ইতিবাচক ফুটবল।
আরকে/প্রবা