প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৪৩ পিএম
ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে নবনির্বাচিত পরিচালনা পরিষদ। গত ৯ মার্চ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ সদস্যের একটি পর্ষদ গঠিত হয়। এই পর্ষদের নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ বরকত উল্লা বুলু, যিনি ক্লাবটিকে দেশের সব খেলায় শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ফুটবল,
ক্রিকেট ও হকিসহ দেশের জনপ্রিয় খেলাগুলোতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে বিভিন্ন খাত
ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুটবল কমিটির চেয়ারম্যান হয়েছেন মোস্তফা কামাল, আর সহ-চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাস। ক্রিকেট কমিটির
নেতৃত্বে আছেন মাসুদুজ্জামান, হকি কমিটির চেয়ারম্যান সাজেদ এএ আদেল এবং নারী উইংয়ের
দায়িত্ব দেওয়া হয়েছে নিলোফার চৌধুরী মনিকে।
মঙ্গলবার (৩১ মার্চ) ক্লাব প্রাঙ্গণে নবনির্বাচিত
পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সকাল ১১টায় ক্লাবে পৌঁছালে পরিচালনা
পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের সময় তিনি ক্লাবের
সার্বিক কার্যক্রম, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
তার বক্তব্যে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে
রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তিনি
বলেন, সরকারও ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির বাইরে রাখতে আগ্রহী এবং সে অনুযায়ী কাজ শুরু
হয়েছে। একই সঙ্গে তিনি অতীতের কঠিন সময় পেরিয়ে নতুন স্বপ্ন নিয়ে ক্রীড়াঙ্গনকে সাজানোর
আহ্বান জানান।
মোহামেডান ক্লাব নিয়ে আশাবাদ ব্যক্ত
করে তিনি বলেন, তরুণদের অংশগ্রহণ ক্লাবটিকে নতুন প্রাণ দেবে। মাঠে সুস্থ প্রতিযোগিতা
দেখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি স্মরণ করেন সেই সময়ের কথা, যখন মোহামেডান ও আবাহনীর
ম্যাচ ঘিরে পুরো দেশজুড়ে ফুটবল উন্মাদনা তৈরি হতো।
এ সময় ক্লাবের সাবেক খেলোয়াড় ও জাতীয়
দলের সাবেক গোলরক্ষক আমিনুল হকও উপস্থিত ছিলেন। মোহামেডানের জার্সিতে খেলে যিনি তারকাখ্যাতি
পেয়েছেন, তিনি ক্লাবের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানান।
আরকে/প্রবা