প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬ ২২:৪০ পিএম
বাংলাদেশের উশুতে বিনিয়োগ আছে চীনের। বিকেএসপির সঙ্গেও চুক্তি আছে তাদের। বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের আরও বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সহযোগিতা চান।
পাশাপাশি চীনের
জাতীয় দলের সঙ্গে হামজা চৌধুরীদের একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক প্রস্তাবও জানান
আমিনুল হক। প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের
ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
চীনের রাষ্ট্রদূত
ইয়াও ওয়েন বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগে আশাবাদ
ব্যক্ত করেন। একই সঙ্গে চীনের জাতীয় ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্ব
দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন তিনি ।
বৈঠকে বাংলাদেশের
প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো
ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন আমিনুল।
আরকে/প্রবা