× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণজয়ী তীরন্দাজদের উষ্ণ সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:২২ পিএম

স্বর্ণজয়ী তীরন্দাজদের উষ্ণ সংবর্ধনা

রবিবার (২৯ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে উষ্ণ সংবর্ধনা পেলেন স্বর্ণজয়ী তীরন্দাজরা। ভিআইপি লাউঞ্জে তিন তীরন্দাজ হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ওয়ার্ল্ড র‌্যাংকিং এশিয়া কাপ আরচরি স্টেজ-১-এ পুরুষ দলগত কম্পাউন্ড বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জেতেন এই তিন তীরন্দাজ।


ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই আরচারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’


এতদিন আচারির আন্তর্জাতিক অঙ্গন রিকার্ভ ইভেন্ট থেকেই স্বর্ণ জিতে আনতেন আরচাররা। এই প্রথমবার কম্পাউন্ডে সেই দক্ষতা দেখালেন লাল-সবুজের তীরন্দাজরা। তাই এবার সামনে তাকানোর পালা। সম্প্রতি অলিম্পিক গেমসে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টও যুক্ত হয়েছে। অলিম্পিকে চোখ রেখে এবার এশিয়ান গেমসে নিজেদের প্রমাণের পালা হিমু, রাকিব ও ঐশ্বর্যদের। তার আগে সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানে রয়েছে এশিয়ান গেমস। ওই গেমসেও পদক জেতার প্রত্যয় কোচ মার্টিন ফ্রেডরিখের কণ্ঠে, ‘এশিয়ান গেমসেও আশাকরি ছেলেরা পদক জিতে আনবে।’


ঢাকায় ফিরে নেওয়াজ আহমেদ রাকিব বলেন, ‘এবার আমরা সফল হয়েছি। সামনের দিনগুলোতে যেন আমরা এভাবেই সাফল্য কুড়িয়ে আনতে পারি সেই দোয়া করবেন সবাই। কোচেরা আমাদের পেছনে অনেক অবদান রেখেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ।’

এশিয়া কাপ স্টেজ-১ এ আগেও খেলার অভিজ্ঞতা থাকলেও স্বর্ণপদক জয় এবারই প্রথম রাকিবের ক্যারিয়ারে। পদকজয়ের আরেক সারথী ঐশ্বর্য রহমানের কথা, ‘একটি লক্ষ্য পূরণ হয়েছে। এবার সামনে তাকানোর পালা। এশিয়ান গেমসেও আমরা পদক জিততে চাই।’


স্বর্ণজয়ী দলের আরেক তীরন্দাজ হিমু বাছাড় বলেন, ‘প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতি অসাধারণ। এখন এশিয়ান গেমসে আমাদের প্রমাণের পালা। সেখানে পদক জিততে পারলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাব আমরা।’

বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেও এবার সোনাজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়ার পালা বাংলাদেশ আরচারি ফেডারেশনের।


এদিকে আজ ২০ ডিসিপ্লিনের ১২৯ ক্রীড়াবিদের হাতে মাসিক ভাতা ও ক্রীড়াকার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হবে। এরমধ্যে আরচারিও রয়েছে। গত বছর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে হিমু বাছাড় ও বন্যা আক্তার রুপা এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জপদক জিতেছিলেন কুলসুম আক্তার। সেই সাফল্যের স্বীকৃতি স্বরুপ তারা আজ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবেন।


হিমু, রাকিব ও ঐশ্বর্যের এই জয় প্রমাণ করেছে যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আরচাররা এখন যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। ব্যাংককের মাঠে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন হওয়ার খবর ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। বিজয়ী আরচারদের এই অভাবনীয় সাফল্যকে দেশের ক্রীড়া বিশ্লেষকরা বাংলাদেশ আরচারি ফেডারেশনের সঠিক পরিকল্পনা ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন। 

কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা পেয়েছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।


এই স্বর্ণপদক হিমু, ঐশ্বর্য ও রাকিব তিন আরচারেরই প্রথম আন্তর্জাতিক স্বর্ণ। এর আগে হিমু দক্ষিণ কোরিয়া ও ইরাকে রুপা জয়ী দলে ছিলেন, আর রাকিব ইরাক আসরে রুপা জিতেছিলেন।

আরকে/প্রবা 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা