প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২০:৪৮ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬ ২০:৫১ পিএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বাসস
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি পরখ করতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ব্যক্তিগত ছুটি শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে রবিবার সকালে সরাসরি মিরপুরে বিসিবি কার্যালয় ও অনুশীলনে যোগ দেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং ঈদ উদযাপন করতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া গিয়েছিলেন বিসিবি সভাপতি।
মাঠে পৌঁছে বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প পর্যবেক্ষণ করেন বুলবুল। এ সময় তিনি ক্রিকেটারদের অনুশীলনের খোঁজ-খবর নেন এবং প্রধান কোচ ফিল সিমন্সের সাথে আসন্ন সিরিজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে কঠোর ফিটনেস ক্যাম্পের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফিটনেস সেশন শেষে খুব শীঘ্রই স্কিল ভিত্তিক অনুশীলন শুরু করার কথা রয়েছে টাইগারদের।
দ্বিপাক্ষিক এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।