প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ২০:০৬ পিএম
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৬ মার্চ ঢাকার পল্টনস্থ আউটার কৃত্রিম বিচ হ্যান্ডবল মাঠে দিনব্যাপী আয়োজিত মহান স্বাধীনতা দিবস পুরুষ বিচ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যমুনা বিচ হ্যান্ডবল দল।
ফাইনালে মেঘনা ২০-১৪ পয়েন্টে খেলার প্রথম সেট জিতে নেয়। দ্বিতীয় সেটে যমুনা ১৪-১২ পয়েন্টে জয় তুলে নিলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে যমুনা ৮-৪ পয়েন্টে মেঘনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে প্রাইজমানি বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদ আনোয়ার।
চ্যাম্পিয়ন দলকে ৬০০০ টাকা, রানার্সআপ দলকে ৪২০০ টাকা এবং তৃতীয় স্থান দলকে ৩০০০ টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সাবেক সহসভাপতি নুরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
* গ্রুপ পর্বের খেলার ফলাফল :
# ১ম খেলায় যমুনা দল ২-০ সেটে হারিয়েছে পদ্মাকে।
# ২য় খেলায় মেঘনা পেনাল্টি শুট আউটে ১৬-১৪ পয়েন্টে হারিয়েছে যমুনাকে।
# ৩য় খেলায় মেঘনা ২-০ সেটে হারিয়েছে পদ্মাকে।
আরকে/প্রবা