প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৯:৪৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৯:৫১ পিএম
থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রস্ততি ম্যাচ খেলার আগে এক ফ্রেমে বাংলাদেশ ও জর্ডান অনুর্ধ-২০ নারী ফুটবল দল। ছবি : বাফুফে
এএফসি নারী অনূর্ধ-২০ এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের মেয়েরা। তবে শনিবার (২৮ মার্চ) দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জর্ডানকে ২-০ গোলে হারায় তারা। এই ম্যাচে গোল করেন মামনি চাকমা ও সৌরভী আকন্দ প্রীতি।
আগামী ১ এপ্রিল থাইল্যান্ডে শুরু হচ্ছে এই মহাদেশীয় আসর। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড, শক্তিশালী চীন এবং ভিয়েতনাম।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে জর্ডানের বিপক্ষে জয়টি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ৪ এপ্রিল চীনের মুখোমুখি হবে তারা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ এপ্রিল প্রতিপক্ষ ভিয়েতনাম।
এই টুর্নামেন্ট থেকেই ফিফা অনূর্ধ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। এশিয়ান কাপ থেকে সেরা চার দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। তাই সেমিফাইনালে উঠতে পারলেই বাংলাদেশের সামনে খুলে যাবে বড় মঞ্চে খেলার সম্ভাবনা। পারবে কি তারা? সেটাই এখন দেখার বিষয়।
আরকে/প্রবা