প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৯:৪৪ পিএম
প্রতীকি ছবি। চ্যাটজিপিটি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (৩০ মার্চ) ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমে মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।
শনিবার
জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আমিনুল
হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেওয়া হবে।’
যারা
বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের পরিকল্পনা সম্পর্কে আমিনুল জানান, ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ করা হবে। ঢাকার বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়।
জানা গেছে-প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদের কথা বললেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে ১২৯ ক্রীড়াবিদকে। যেখানে আপাতত থাকছেন না ক্রিকেটার কিংবা ফুটবলাররা।
প্রথম ধাপে বেতন পাবেন আরচারি, বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক তাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, বাক্সেটবল, ব্রিজ ও ফুটসালের ক্রীড়াবিদরা।
এপ্রিলের প্রথম সপ্তাহে আরও তালিকা করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। ক্রিকেটারদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যেসকল ইভেন্টগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
আরকে/প্রবা