প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৫:৩৬ পিএম
শেষ মুহূর্তে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিসিআই। ছবি: টাইমস নাও
একদম শেষ মুহূর্তে ২০২৬ সালের আইপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উদযাপন অনুষ্ঠানে গেল বছর ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান না হলেও টুর্নামেন্টের ফাইনালের দিন জাঁকজমকপূর্ণ সমাপনী আয়োজন করা হবে।
গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের সচিব দেবাজিত সাইকিয়া বলেন, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএল ২০২৬-এর উদ্বোধনের দিন কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান রাখা হচ্ছে না। নিহতদের স্মরণে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন করা হবে না”।
তবে তিনি জানান, ৩১ মে ফাইনাল ম্যাচের দিন বড় পরিসরে সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল এবং সেই অর্থ শহীদদের পরিবারের জন্য দান করা হয়।
এদিকে, নিহতদের স্মরণে আরসিবি বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিটি ম্যাচে ১১টি আসন খালি রাখা হবে নিহতদের স্মরণে। অনুশীলনের সময় খেলোয়াড়রা ১১ নম্বর জার্সি পরবেন এবং নির্ধারিত দিনে কালো ব্যাজ ধারণ করবেন।
প্রসঙ্গত গত বছরের ওই ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে আরসিবি। এবারের আসরে আইপিএল ২০২৬ এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে আরসিবি মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।