ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কাল
রুমেল খান
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ২১:৪১ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬ ২১:৪২ পিএম
ভিয়েতনামের বিপক্ষে অধরা জয়ের সন্ধানে নিবিড় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে
সর্বশেষ
মোকাবেলা সেই দুই যুগ আগে। প্রতিপক্ষের সঙ্গে কোনো জয় ছিল না। একটিতে ড্র, আরেকটিতে
বড় হার। তাছাড়া বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়েও তাদের চেয়ে ৭৮ ধাপ পিছিয়ে। ফলে লড়াইয়ের
ফলটা মোটামুটি অনুমেয়ই। তবে খেলাটার নাম যেহেতু ফুটবল, আর দলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়
থাকলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন; বাংলাদেশ জাতীয় ফুটবল দলের
কথাই বলা হচ্ছে। এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের
বিপক্ষে এক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রতিপক্ষ
কঠিন হলেও ‘গোর্ডেন স্টার ওয়ারিয়র্স’ খ্যাত ও ১০৩ ফিফা র্যাংকিংধারী ভিয়েতনামের বিপক্ষে
সমানতালে লড়াই করার আশ্বাস দিয়েছেন জামাল ভূঁইয়া, যিনি ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত
ও ১৮১ ফিফা র্যাংকিংধারী বাংলাদেশ দলের অধিনায়ক।
ম্যাচের
আগে সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘কঠিন হবে ম্যাচটা। তবে বাংলাদেশ উন্নতি করছে। ভিয়েতনামের
সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আছে বলে বিশ্বাস করি।’
ভিয়েতনামের
বিপক্ষে এর আগে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’টোই বিশ্বকাপ বাছাইপর্বে। ২০০১
সালে ৮ ফেব্রুয়ারি প্রথম দেখায় ড্র হয়েছিল গোলশূন্যতে। ১৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে বাংলাদেশ
হারে ৪-০ গোলে। তবে এবার আত্মবিশ্বাস বাড়াতে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ
কোচ জাভিয়ের ক্যাবরেরা দিলেন সেই প্রতিশ্রুতি, ‘ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। আমাদের আত্মবিশ্বাস
বাড়াতে সাহায্য করবে তাদের বিপক্ষে ম্যাচটা।’
হামজা
নৈপুণ্যে ভারতের মতো দলকে দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। সেই হামজাকে অবশ্য ভিয়েতনামের
বিপক্ষে একাদশে রাখার নিশ্চয়তা দিলেন না কাবরেরা, ‘হামজা কেবল গতকাল বিকেলে পৌঁছেছে।
ও ভালো আছে, তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ম্যাচে সে খেলবে
কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি বুঝে।’
ভিয়েতনাম
দলেও আছেন কয়েকজন প্রবাসী ফুটবলার। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হোয়ং হেন তাদের অন্যতম। এ
নিয়ে অবগত আছেন ক্যাবরেরাও, ‘জুয়ান সনের উপস্থিতি এবং দলে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত
খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের একটি অত্যন্ত শক্তিশালী লাইন-আপ রয়েছে।
আমরা আশা করি, বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য শক্তিশালী দলের মোকাবেলা করতে সক্ষম হবে।’

ভিয়েতনামের
বিপক্ষে ম্যাচ শেষ করে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জামালরা। ৩১ মার্চ সিঙ্গাপুরের
বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচটিতেই
মূল নজর বাংলাদেশ ক্যাবরেরার ‘সিঙ্গাপুরের বিপক্ষে সামনের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াই
আমাদের মূল লক্ষ্য। ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ তারা সাউথ-ইস্ট
এশিয়ার সেরা দলগুলোর একটি। তাদের বিপক্ষে খেললে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
অবশ্য
সিঙ্গাপুরের সঙ্গে জিতলেও বাছাইপর্বে কোনো লাভ হবে না বাংলাদেশের। সি গ্রুপে পাঁচ ম্যাচে
৫ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর।
এদিকে
হামজাকে নিয়ে যথেষ্ট মাথাব্যথায় ভুগছে ভিয়েতনাম দল। তারকা এই মিডফিল্ডারকে ঠেকাতে তাই
ভিডিও বিশ্লেষণের পথ বেছে নিয়েছে ভিয়েতনাম। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা
এই মিডফিল্ডারকে নিয়ে আলাদা করে ভাবছে স্বাগতিক ভিয়েতনাম। সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে
নিজের ভাবনা জানিয়েছেন ভিয়েতনামের কোচ কিম সাং সিক, ‘হামজাকে আমি চিনি। সে এখন
ইংল্যান্ডে খেলছে। আমাদের দলের খেলোয়াড়দের নিয়ে আমি তার ভিডিও বিশ্লেষণ করছি। যাতে
তার শক্তিমত্তার বিপক্ষে আমরা কিছু করতে পারি। আমাদের লক্ষ্য এই ম্যাচটি জেতা।’ হামজার
মতো সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদেন
মতো প্রবাসী ফুটবলাররা। তাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি আরও বেড়েছে মনে করেন
ভিয়েতনাম কোচ।
এখন দেখার বিষয়, কালকের ম্যাচে প্রথমবারের মতো ভিয়েতনামকে হারানোর স্বাদ পায় কি না বাংলাদেশ।
আরকে/প্রবা