প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২২:৫৩ পিএম
বাংলাদেশে আসার পর নিজের দ্রুততম মানবের খেতাব জিতেছিলেন ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমান। মাঝে এক বছর সেই খেতাব হারিয়েছিলেন। কিন্তু নতুন মৌসুমে তা পুনরুদ্ধার করেন। কিন্তু আন্তর্জাতিক আসরে নিষ্প্রভ তিনি। ২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতার পর আর আন্তর্জাতিক আসরে আর ফিরতে পারেননি তিনি। এরপর বিশ্ব ইনডোর কিংবা এশিয়ান ইনেডারেও আর সেই পদক ধরে রাখতে পারেননি।
বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে
একের পর এক হতাশা নিয়েই ফিরেছেন ইমরানুর। গত ২০ মার্চ পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড
অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপে মৌসুমসেরা টাইম করলেও ৬০ মিটার হিট থেকে আর সেমিফাইনালে
উঠতে পারেননি ইমরানুর। সাতজনের মধ্যে পঞ্চম হন। দ্বিতীয় হিটে সময় নেন ৬.৭১ সেকেন্ড,
যা সেমিফাইনালে উঠতে প্রয়োজনীয় সময়ের চেয়ে ০.০৯ সেকেন্ড বেশি। পর্তুগালের স্প্রিন্টার
এলয় বেনিতেজ ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে শেষ সেমিফাইনাল স্পট নিশ্চিত করেন। পোল্যান্ডে অনুষ্ঠিত
এই বিশ্ব ইনডোরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ইমরানুরই। যেখানে ৬০ মিটারে ৪৯
অ্যাথলেট অংশ নেন। ইমরানুর হন ৩৭তম।
নিজের পারফরম্যান্স প্রসঙ্গে ইমরানুর
বলেন, ‘মৌসুমের সেরা টাইমিং হয়েছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত সেরা রেকর্ড আরও উন্নত করা
প্রয়োজন। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো করার চেষ্টা করব।’
চলতি বছরের শুরুতে চীনের তিয়ানজিনে
অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে
উঠেছিলেন ইমরানুর। তবে সেখানে ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। অথচ হিটে ৬.৭৩ সেকেন্ড
সময় নিয়ে দ্বিতীয় হয়ে তিনি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। দুই মাসের মধ্যে দুবার
ট্র্যাকে নেমেছেন ইমরানুর। দুবারই হতাশ করলেন। এদিকে এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স
ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা থাকলেও, মধ্যপ্রাচ্যের
অস্থিরতার কারণে তার ফ্লাইট বিলম্বিত হয়ে শেষ পর্যন্ত স্থগিত হওয়ায় তিনি যেতে পারেননি।
আরকে/প্রবা